বিজেপিকে মারার আগে পুলিশের মুখেই জয় শ্রীরাম! উল্টেছে মমতার গেমপ্ল্যান, বললেন অর্জুন সিং
বিজেপিকে মারার আগে পুলিশের মুখেই জয় শ্রীরাম! উল্টেছে মমতার গেমপ্যান, বললেন অর্জুন সিং
ভারতের রাজনীতিতে কোন সরকারের পতন কখন হবে, তা সবার আগে অনুমান করতে পারে পুলিশ এবং দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুরে সিএএ-র সমর্থনে হওয়া সভায় এমনটাই মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর। পুলিশের নিচুতলার কর্মীরা যখন লাঠি চার্জ করেন, তারা উপরের কর্তাদের নির্দেশ পালন করেন বলে জানিয়েছেন তিনি।

'অ্যাকশনে যাওয়ার আগে জয় শ্রীরাম'
অর্জুন সিং দাবি করেছেন, পুলিশকর্মীরা তাদের ওপর লাঠি চালালেও, কোনও অ্যাকশনে যাওয়ার আগে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যান। এর থেকেই বোঝা যায় তাঁরা কী চাইছেন। বিজেপিকে মারার আগেই লাটবাগানের পুলিশ কর্মীরা এই কাজ করেছেন, যা তিনি নিজের কানে শুনেছেন বলে জানিয়েছেন অর্জুন সিং।

'পুলিশকর্মীরাই বিজেপিকে রক্ষা করছে'
অর্জুন সিং বলেছেন, পুলিশকর্মীরাই বিজেপির নেতা-কর্মীদের রক্ষা করছেন। কেননা তারা বুঝতে পেরেছেন, রাজ্যে সরকার পরিবর্তন হতে যাচ্ছে। এপ্রসঙ্গে তিনি বলেন, ভারত তথা পশ্চিমবঙ্গে দুটি শ্রেণির মানুষ সবার আগে বুঝতে পারেন সরকার পরিবর্তনের কথা। এদের একদল হল পুলিশ আর অপর দল হল দুষ্কৃতীরা।

মমতার গেম প্ল্যান উল্টে গিয়েছে, বললেন অর্জুন সিং
অর্জুন সিং দাবি করেন সিএএ হওয়ার সঙ্গে সঙ্গেই সাড়ে পাঁচ লক্ষ মানুষ ভারতের নাগরিকত্ব পেয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম প্ল্যানও উল্টে গিয়েছে মন্তব্য করেছেন তিনি।

মমতাকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছিলেন
অর্জুন সিং এর আগে বহু বছর আগেকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এক হুমকির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, সেই সময় কংগ্রেসে ছিলেন তিনি। সুলতান আহমেদ, শংকর সিং, অধীর চৌধুরীকে টিকিট দেওয়া হলে তিনি গলায় ফাঁস দেবেন। ঘটনাটি ঘটেছিল আলিপুর ট্রেজারি বিল্ডিং-এর কাছে। দিদিমনি নিজের শাল দিয়ে গলায় ফাঁস দিচ্ছেন, আর তাঁরা(অর্জুন) দিদিকে টানছেন, গলায় ফাঁস দেবেন না। সেই শংকর সিং আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। সেই সুলতান আহমেদ দলের সাংসদ ছিলেন। অর্জুন সিং-এর কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা ওখান থেকে শুরু হয়, এখানেই শেষ হয়।












Click it and Unblock the Notifications