তৃণমূল ‘উচ্ছিষ্টের পার্টি’, পাল্টা বিজেপির, শুভেন্দুকে নিশানায় আক্রমণাত্মক দিলীপ
শুভেন্দু-বন্দনায় মুখরিত হয়ে দিলীপবাবু বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসে সবথেকে যোগ্য নেতা শুভেন্দু অধিকারীই।’ এবার সেই তিনিই শুভেন্দুকে একহাত নিলেন, আক্রমণ করলেন কড়া ভাষায়।
মুকুল রায়ের পর তৃণমূল কংগ্রেস ভাঙতে শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু-বন্দনায় মুখরিত হয়ে দিলীপবাবু বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসে সবথেকে যোগ্য নেতা শুভেন্দু অধিকারীই।' এবার সেই তিনিই শুভেন্দুকে একহাত নিলেন, আক্রমণ করলেন কড়া ভাষায়।

রবিবার সবংয়ের নির্বাচনী জনসভা থেকে শুভেন্দু অধিকারী বিজেপির উদ্দেশ্যে তোপ দেগেছিলেন। বলেছিলেন, 'বিজেপি হল ডাস্টবিন থেকে নেতা কুড়ানো পার্টি। ওই পার্টির দেখা মিলবে না নির্বাচন মিটে গেলে।' শুভেন্দু সেই কথারই প্রতিবাদ করে দিলীপ ঘোষ এদিন বলেন, 'তৃণমূল হল 'উচ্ছিষ্টের পার্টি'। ওই পার্টিটা তৈরিই হয়েছে উচ্ছিষ্টদের নিয়ে। তাই ওই পার্টিতে নীতি-আদর্শ কিছু নেই।'
সোমবার খড়গপুরে কর্মিসভা থেকে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে দ্ব্যর্থহীনভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, 'সবং উপনির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুরা যতই প্রচ্ছন্ন হুমকি দেন না কেন, বিজেপিই আসন্ন পঞ্চায়েতে প্রধান শক্তি হিসেবে উঠে আসবে। গুজরাট নির্বাচনের পরেই বুঝবেন কত ধানে কত চাল। ওনাদের পার্টি ভেঙে লোক নেতা-কর্মীরা লাইন দিতে শুরু করবে বিজেপির দোরগোড়ায়।'
শুভেন্দু অধিকারী বিজেপি নেতাদের তিলকধারী বলেও কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, 'নির্বাচন ফুরোলেই তিলকধারীদের আর দেখা যাবে না।' শুভেন্দুবাবুর এই কথাকে প্রচ্ছন্ন হুমকি বলে দাবি করে দিলীপ ঘোষ বলেন, 'বিজেপিকে ওরা ভয় দেখানোর চেষ্টা করছে। এরপর পুলিশ ও গুন্ডাদের দিয়ে ভোটে জেতার চেষ্টা করবে। কিন্তু এবার আর সুবিধা করতে হবে না। এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে প্রতি বুথে। ভয় দেখিয়ে আর বিজেপিকে আটকে রাখা যাবে না।'
উল্লেখ্য, মুকুল রায় তখনও বিজেপিতে যোগ দেননি। তিনি তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন। তারপরই শুভেন্দুর প্রশংসার পঞ্চমুখ হন মুকুল। তার দুদিন পরেই মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে একই বন্ধনীতে রেখে প্রশংসায় গদগদ হন দিলীপবাবু। এবার নির্বাচনী প্রাক্কালে ফের শুভেন্দুর কঠোর সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি।












Click it and Unblock the Notifications