Suvendu Dilip Meet: শুভেন্দু-দিলীপ সাক্ষাৎ, ফুল-মিষ্টি-সৌজন্য বিধানসভায়; রাজ্য সভাপতিতে ফিরছে পুরোনো মুখ?
Suvendu Dilip Meet: রাজ্য বিজেপির সভাপতি কে হবেন, সে জল্পনা এখন বাংলার রাজনীতির মধ্যগগনে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির হাল কে ধরবেন, তা নিয়ে উৎসুক রাজনৈতিক মহল। তবে বিধানসভায় মঙ্গলবার যে ছবি উঠে এল, তাতে সংঘাত ভুলে গেরুয়া ব্রিগেড যে কোমর বেঁধে নামতে চলেছে তা বলাই যায়। বিধানসভায় এদিন শুভেন্দু-দিলীপ সাক্ষাৎ ও দীর্ঘ বৈঠক সেরকমই ইঙ্গিত দিল।
বিধানসভার অধিবেশন চলাকালীন দলের বিধায়কদের সঙ্গে দেখা করে থাকেন দিলীপ ঘোষ। সেইমতো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এদিন বিধানসভায় যান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে বসেই দিলীপকে সক্রিয়ভাবে বৈঠক করতে দেখা যায়। তারও আগে বিরোধী দলনেতাকে পুস্পস্তবক ও সন্দেশ তুলে দেন দিলীপ ঘোষ। সেই সন্দেশ খান শুভেন্দু। একসঙ্গে মধ্যাহ্নভোজও সারেন বলে সূত্রের খবর।

বিধানসভায় আসতে চান বলে শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবারের কথা বলেছিলেন শুভেন্দু। সেইমতো বিধায়কদের নিয়ে এক ঘণ্টার বৈঠকও চলে এদিন মূলত ছাব্বিশের নির্বাচনের আগে কীভাবে ঝাঁপাতে হবে সেই নির্দেশই দিয়েছেন দিলীপ ঘোষ। চা চক্র থেকে শুরু করে বাজারে বাজারে গিয়ে জনসংযোগের বার্তা দিয়েছেন তিনি। সর্বোপরি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এমনটাই বিজেপি বিধায়কদের পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ।
তবে কি বিজেপির রাজ্য সভাপতি পদে ফের দেখা যাবে দিলীপ ঘোষকেই? তাতে অবশ্য তিনি বলেন, "যে যোগ্য নেতা হবেন, তাকেই আমরা বেছে নেব। সভাপতি হিসেবে দুটো ইনিংস হয়ে গিয়েছে। যোগ্য সেই, যে সবাইকে নিয়ে চলতে পারবেন। চিন্তার কারণ নেই। কয়েকদিনের মধ্যেই মসৃণভাবে হয়ে যাবে। আমি তো দু'বার ছিলাম। নতুন লোকের কথা ভাবা উচিত। তবে যেকোনও নতুন ইনিংসের জন্য সব সময় প্রস্তুত থাকি।"
সূত্রের খবর, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে একসঙ্গে লড়ার আর্জি জানান উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ক। বিধানসভায় বৈঠকে প্রস্তাব দেন সেই বিধায়ক। তবে উত্তরে দুই নেতা জানিয়ে দেন, তারা একসঙ্গেই লড়ছেন। প্রসঙ্গত, সোমবারই দিল্লিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন শুভেন্দু অধিকারী। বৈঠক সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও।
আর সেখানেই শুভেন্দু ও দিলীপ ঐক্যের বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের এও দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দশেই দিলীপকে আমন্ত্রণ শুভেন্দুর। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সবাইকে নিয়েই চলার বার্তা দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে দিলীপ-সুকান্ত দুই জনকেই দল কাজে লাগাবে বলে খবর সূত্রের। শুভেন্দু অধিকারীকে অমিত শাহ সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications