বাংলা জয়ের লক্ষ্যে নয়া স্লোগান দিলীপের, বিহার জয়ে অক্সিজেন পেয়ে গিয়েছে বিজেপি
বাংলা জয়ের লক্ষ্যে নয়া স্লোগান দিলীপের, বিহার জয়ে অক্সিজেন পেয়ে গিয়েছে বিজেপি
বিহার জয়ের পর বাংলায় নবোদ্যমে নেমে পড়ছে বিজেপি। মোদী-ম্যাজিকে বিহারে জয় এসেছে, বাংলাতেও মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পারবেন না মোদীজির জয়যাত্রা। বিজেপি অঙ্ক কষেই এগোতে শুরু করেছে। ২০২১-এ তৃণমূলকে হারাতে বিজেপি ইতিমধ্যেই নতুন স্লোগান তুলেছে। একইসঙ্গে কালবিলম্ব না করে প্রচারে নেমে পড়তে চাইছে।

বাংলা জয়ের লক্ষ্যে নয়া স্লোগান দিলীপের
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিহার জয়ের পর স্লাোগান তুলে দিয়েছেন। ২০২১-এ বঙ্গ বিজেপির স্লোগান হতে চলেছে- ‘এবার বাংলা পারলে সামলে।' এই স্লোগানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে হারাতে উদ্দীপনা বাড়ানোর কাজ শুরু করে দিতে চাইছেন তিনি।

‘বিহার জয়ের পর বাংলা জয় করেই থামব’
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিম থেকে জয়যাত্রা শুরু হয়েছিল বিজেপির। তারপর উত্তর-পূর্ব এখন বিজেপির দখলে। এবার বিজেপির জয়যাত্রা শুরু হয়েছে পূর্বেও। বিহার জয়ের পর আমরা বাংলা জয় করেই থামব। সেই লক্ষ্যে আমরা অঙ্ক কষেই এগোচ্ছি। বাংলা জয়ে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে।

বাংলার মানুষের দাবি মাথায় রেখেই প্রচারে
তৃণমূলের বিরুদ্ধে তাঁদের ১০ বছরের ইতিহাসই বড় হাতিয়ার হতে চলেছে বিজেপির। রাজ্যের মানুষই সিদ্ধান্ত নেবেন, বাংলার উন্নয়নের জন্য কারা যোগ্য। দিলীপ ঘোষ বলেন, আমরা বাংলাকে দিল্লির উন্নয়ন পরিকাঠামোর সঙ্গে যুক্ত করতে চাই। বাংলার মানুষের দাবি মাথায় রেখেই আমরা প্রচারে নামব।

মোদী-ফ্যাক্টরে জয়ের লক্ষ্যে বিজেপি
এবার মোদীর কাছে বড় পরীক্ষা বাংলা। ৩১ বছরের তেজস্বীকে হারানো আর বহু উত্থান-পতনের সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এক জিনিস নয়। তাই এখন থেকেই কোমর বাঁধতে শুরু করেছে বিজেপি। তবে বিজেপি বিহার ভোটে জেতার পর স্লোগান তুলতে শুরু করেছে- সাবধান দিদি, মোদী আসছে। অর্থাৎ মমতাকে হারাতে ভরসার মুখ সেই মোদী!

বিহারের নির্বাচনে জয়ই অক্সিজেন দিল বিজেপিকে
২০১৯-এর লোকসভায় বিজেপি তৃণমূলকে জোর ধাক্কা দিয়েছে। তবে তৃণমূলের একটা বড় বল ছিল, বিজেপির একের পর এক হার। সাম্প্রতিক প্রায় সমস্ত বিধানসভা নির্বাচনে হেরেছে বিজেপি। লোকসভায় জিতলেও বিধানসভার লড়াইয়ে মুখ থুবড়ে পড়ছিল তারা। কিন্তু বিহারের নির্বাচনে জয় তাঁদের বাড়তি উদ্দীপনা জোগাল।

মোদী-ম্যাজিকের ভরসায় বঙ্গ বিজেপিও
এবার বাংলার ভোটেও মোদী মূল প্রচারের মুখ হয়ে উঠবেন। যেভাবে বিহারে মোদী-ফ্যাক্টর কাজ করল, তারপর বঙ্গ নেতৃত্বও সেই সুযোগ নিতে চাইবে। তাই শুধু অমিত শাহ নন, নরেন্দ্র মোদীও বাংলাতে প্রচারে ঝড় তুলবেন। মোদী-ম্যাজিকের উপর ভর করেই বাংলার ভোট বৈতরণী পারের চেষ্টা থাকবে বিজেপির।












Click it and Unblock the Notifications