'আমরা এইসব আবর্জনা চাইনা, দায় আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে', মুকুল ইস্যুতে উল্টো সুর দিলীপের
মুুকুল রায় নিজে একদিকে যখন বিজেপিতে যেতে চাইছেন তখন উল্টো সুর শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মুখে। তিনি উল্টে দাবি করেছেন, 'মুুকুল কোথায় আছেন, তার দায় পরিবারের। সেখানে বিজেপিকে ঢোকান হচ্ছে কেন?'
এমনকী মুকুল রায়ের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তিনি পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন, 'আমরা এইসব আবর্জনা চাইনা। তাই আমাদের নামে মিথ্যা অপপ্রচার না করে, পরিবার ওনার খেয়াল রাখুক।'

মুকুল রায় অন্তর্ধান রহস্যের ক্রমশ যবনিতা পতন হচ্ছে। নিজের অন্তর্ধান নিয়ে এবার মুখ খুলেছেন মুকুল রায় নিজেই। বুধবার দিল্লি থেকে একাধিক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, নিখোঁজ তিনি হননা বা তাঁকে অপহরণও করা হয়নি। তিনি স্বেচ্ছায় দিল্লিতে এসেছেন। এবং সুস্থ রয়েছেন। করোনার কারণে কিছুদিন অসুস্থ থাকলেও এখন তিনি ভাল আছেন।
দিল্লিতে তাঁর আসার কারণও ব্যাখ্যা করেছেন মুকুল রায়। তিনি বলেছেন , তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করা যায় না। তৃণমূলে তাঁকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বলেই অভিযোগ করেছেন তিনি। সেকারণে ফের বিজেপির পথেই যে পা বাড়াচ্ছেন মুকুল রায় তার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান।

দিল্লিতে মুকুলের যাওয়ার নেপথ্যে যে বিজেপিতে প্রত্যাবর্তন রয়েছে তা বুঝতে আর বাকি নেই রাজনৈতিক মহলের। কিন্তু বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য নতুন সন্দেহ তৈরি হয়েছে। তিনি বারবার মুকুল রায়ের দায় ঝেড়ে ফেলেছেন। তিনি বলেছেন, 'যিনি বাংলার চাণক্য, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না । তিনি নাকি হারিয়ে গেছেন? তিনি কি বাচ্চা ছেলে? দলের কাছেও তিনি খুব সুখী নন। ওনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক জানিনা। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দায় আমাদের ঘাড়ে চাপান হচ্ছে।'
এখানেই থামেননি দিলীপ। মুকুল রায়কে নিশানা করে বলেছেন,' আগেও মুকুল বলতেন, এই তো, অমিত শাহ এর সঙ্গে কথা হল। আর কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে ওনার দোস্তি আছে। বিশেষ বিমানে ওনাকে হায়দরাবাদ নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন কৈলাশ। ওনার ছেলে বলছে ট্রিটমেন্ট করতে হবে। এতোদিন করেন নি কেন? কেউ ওনার খোঁজ নেয়না। ওনাকে একটা কমিটির চেয়ারম্যান করা হল। সেই কমিটির কি হল? উপড়ে ফেলে দেওয়া হল। আমরা এইসব আবর্জনা চাইনা। তাই আমাদের নামে মিথ্যা অপপ্রচার না করে, পরিবার ওনার খেয়াল রাখুক।'

এদিকে মুকুল রায়ের ছেলে অভিযোগ করেছেন তাঁকে অপহরণ করা হয়েছে। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই পুলিশের একটি দল গিয়েছিল দিল্লিতে। সেখানে খোঁজ নিয়েছে তাঁরা মুকুল রায়ের। পুলিশকে মুকুল রায় জানিয়েছেন তাঁকে কেউ অপহরণ করেননি। তিনি কাউকে না জানিয়ে দিল্লিতে এসেছেন বলে তাঁর ছেলে ভুল বুঝেছেন।












Click it and Unblock the Notifications