'পঞ্চায়েতে প্রাইমার দিয়েছি, লোকসভায় ফিনিশিং টাচ দেব' তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের
তৃণমূল কংগ্রেসের লোকেরা যদি ঘুরপথে এসে বুথ দখল এবং ভোট লুটের চেষ্টা করে তাহলে তাদের ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হবে।
তৃণমূল কংগ্রেসের লোকেরা যদি ঘুরপথে এসে বুথ দখল এবং ভোট লুটের চেষ্টা করে তাহলে তাদের ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হবে। বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে নির্বাচনী সভায় এসে এই ভাবেই শাসক দলের লোকদের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

দিলীপের হুমকি
'আমাদের বুথ রক্ষা বাহিনীর লোকেরা দেখবে যাতে বাইরের কেউ ভোটের দিন এসে ঝামেলা করতে না পারে। তার জন্য তারা বুথের বাইরে নির্দিষ্ট দূরত্বে পাহারায় থাকবে। যদিও কেউ ঘুরপথে আসতে চায়, বুথ দখলের চেষ্টা করে তাহলে তিনি ঢুকবেন নিজের ইচ্ছায়, কিন্তু বের হবেন আমাদের ইচ্ছায়। তিনি হেঁটে ফিরে যাবেন না কি কাঁধে চেপে যাবেন সেটা আমরা ঠিক করব', এই ভাষাতেই তৃণমূল কংগ্রেসকে হুশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।

বাঁশ পেটার হুঁশিয়ারি
বৃহস্পতিবার দার্জিলিং সহ রাজ্যের তিনটি কেন্দ্রে নির্বাচন। এখানে কেউ ভোট লুট করতে বা বুথ দখল করতে এলে কোচবিহারে যেভাবে তাদের আটকানa হয়েছে, তাড়া করে ভাগিয়ে দেওয়া হয়েছে, এখানেও তাই করা হবে বলেও জানিয়ে দিলেন তিনি। 'কেউ বুথ দখল করতে এলে বাঁশ, ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন। বিশেষ করে মহিলারা। যদি কেউ এমন করতে আসে তাহলে তাকে উচিত শিক্ষা দেবেন। কেন্দ্রীয় বাহিনী থাকলেও আমাদের নিজেদের বুথ রক্ষা বাহিনীকেও একই ভাবে সজাগ থাকতে হবে' বলে এদিনের কর্মী সভায় কর্মীদের নির্দেশ দেন দিলীপ ঘোষ।

লোকসভায় ফিনিশিং টাচ
বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'আমরা গণতন্ত্র মানি, নিয়ম, আইন, সংবিধান মানি। এই রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের লড়াই। তাই যারা অন্যায় করতে আসবে তাদের রাজনীতি দিয়ে বধ করতে হবে। এই লোকসভা নির্বাচনে বেশি আসনে জেতা তাদের লক্ষ্য হলেও আসল লড়াই যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হবে তাও বুঝিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। 'এই লড়াই অনেকটা বাড়ি রং করার মতো। প্রথমে প্রাইমার দেওয়ার পরে এক কোট রং দিতে হয়। শেষে আরও এক বার রং করে তা মজবুত করতে হয়। আমরা পঞ্চায়েত নির্বাচনে প্রাইমারটা দিয়েছি। ফিনিশিং টাচ দেব ২০২১ সালের নির্বাচনে"।

মানস- দিলীপ লড়াই
এদিনের সভা থেকে দিলীপ ঘোষের দাবি, দার্জিলিংয়ে তাঁরা যেমন জিতবেন তেমনই আসানসোল কেন্দ্রেও মুনমুন সেনকে হারিয়ে জিতবেন বাবুল সুপ্রিয়। 'মানুষ গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি। তাই তারা এবার শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে মুখিয়ে আছে। তার সুফল লাভ করব আমরাই'। মেদিনীপুর আসনে তার লড়াই তৃণমূল কংগ্রেসের মানস ভূঁইয়ার বিরুদ্ধে। আগামী ২০ তারিখ দিলীপ ঘোষ তার মনোনয়ন জমা দেবেন বলে ঠিক হয়ে আছে।












Click it and Unblock the Notifications