সোমবার থেকেই ইয়াসের তাণ্ডব! সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল রেল
ওড়িশা নয়, বাংলার দিকেই আসতে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। শনিবার দুপুরে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ মে সোমবার বিকেল থেকেই শুরু হয়ে যাবে ঝড়-বৃষ্টি। আর ২৬ মে বুধবার ভোর নাগাদ ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে চলেছে উপকূলে।
ওড়িশা নয়, বাংলার দিকেই আসতে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। শনিবার দুপুরে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ মে সোমবার বিকেল থেকেই শুরু হয়ে যাবে ঝড়-বৃষ্টি। আর ২৬ মে বুধবার ভোর নাগাদ ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে চলেছে উপকূলে।
তবে মধ্যে এখনও তিনদিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে নিম্নচাপ ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে আবহাওয়াবিদদের অনুমান, দিঘা সংলগ্ন এলাকাতে এই ঝড় আছড়ে পড়তে পারে বলে অনুমান। দিঘাতে সমস্ত নৌকাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

নিম্নচাপ তৈরি হয়েছে এদিন সকালে
এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে আটটা নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা রবিবার সকাল নাগাদ আরও ঘনীভূত হবে। যা এরপর উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোবে। যার জেরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

একাধিক ট্রেন বাতিল
দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে ৭৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হবে দক্ষিণ-পূর্ব শাখায়। পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূলে এই ঝড় আছড়ে পড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। তবে এর আগে ইস্ট কোস্ট রেলওয়ে যে ৭৪টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকার কথা বলেছে তার মধ্যে একাধিক ট্রেন এই তালিকাতেও আছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু দূরপাল্লার স্পেশাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। আগামী ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে বাতিল করা হয়েছে ৯টি দূরপাল্লার ট্রেন। রেলের ঘোষণা অনুযায়ী, বাতিল করা হয়েছে-- ২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন। ২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-পুরী স্পেশাল ট্রেন। ২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-যশোবন্তপুর এক্সপ্রেস। ২৭ থেকে ২৮ মে বাতিল শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস। ২৪, ২৯ মে বাতিল হাওড়া-কন্যাকুমারী স্পেশাল ট্রেন। ২৪ থেকে ২৬ মে বাতিল হাওড়া-সেকেন্দরাবাদ স্পেশাল ট্রেন। ২৪ থেকে ২৬ মে বাতিল হাওড়া-চেন্নাই স্পেশাল ট্রেন। ২৭ মে বাতিল হাওড়া-তিরুচিরাপল্লি স্পেশাল ট্রেন। ৩০ মে বাতিল হাওড়া-পুদুচেরি স্পেশাল ট্রেন। এছাড়াও আরও ট্রেন বাতিল করা হয়েছে।

সোমবার বিকেল থেকে শুরু ঝড়-বৃষ্টি
এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৪ মে সোমবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং পরবর্তী ২৪ ঘন্টায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরেও তা উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। আরও ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে। যার জেরে সোমবার বিকেল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে।

পশ্চিমবঙ্গ-ওড়িশা-বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ২৬ মে
এদিন আবহাওয়া দফতর জানিয়েছেন, শুক্রবার নাগাদ মনে হয়েছিল ঘূর্ণিঝড় ওড়িশায় বেশি আঘাত হানতে পারে। কিন্তু এদিন সকালের পর তার অভিমুখ পশ্চিমবঙ্গই হতে চলেছে বলেই মনে হচ্ছে। তবে ঘূর্ণিঝড় ইয়াস তৈরি হওয়ার মধ্যে এখনও দুটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। যার জেরে ২৫ মে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিশেষ করে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। আর কোনও কোনও জায়গায় ওইদিন অতিভারী বৃষ্টি হতে পারে। পরের দিন ভোরে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে আঘাত হানবে। ওইদিন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তিনি। আর ২৬ মে বিকেলের দিকে তা পশ্চিমবঙ্গ-ওড়িশা-বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।












Click it and Unblock the Notifications