করোনার কোপ কল্পতরুতে, নতুন বছরেও উৎসবে বাধা কোভিড ১৯
নতুন বছরেও উৎসবের দিনে বাধা সেই করোনা কোভিড ১৯। করোনার অতিমারি পরিস্থিতির মধ্যে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হতে শুরু করলেও করোনার কোপ পড়েছে এবার কল্পতরুতেও।
নতুন বছরেও উৎসবের দিনে বাধা সেই করোনা কোভিড ১৯। করোনার অতিমারি পরিস্থিতির মধ্যে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হতে শুরু করলেও করোনার কোপ পড়েছে এবার কল্পতরুতেও। ১ জানুয়ারি কাশীপুর এবং দক্ষিণেশ্বরে আয়োজিত হচ্ছে না কল্পতরু উৎসব। যা ভক্তমণ্ডলীর কাছে যথেষ্ট হতাশাজনক।

সূত্র মারফত জানা গিয়েছে, এ বার দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে। বন্ধ হচ্ছে অনুষ্ঠান। তবে ১ জানুয়ারি কল্পতরু উৎসবের দিনে কাশীপুরে যাবতীয় আচার-অনুষ্ঠান, পুজো-পাঠ দেখা যাবে কাশীপুর উদ্যানবাটীর নিজস্ব ওয়েবসাইটে। ফলে করোনা ভাইরাসের অতিমারি কালে কাশীপুরে না গিয়েও বাড়ি বসে দর্শনার্থীরা অনলাইনে পুজোর অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন।
শনিবার বিকেলে কাশীপুর থানার উদ্যোগে উদ্যানবাটিতে সাংবাদিক বৈঠক হবে। সেখানেই দর্শনার্থীদের উদ্দেশ্যে এই বার্তা প্রচারিত হবে বলে জানা গিয়েছে।
কল্পতরু উৎসব নিয়ে বরাবরই বাঙালি খুবই আবেগপ্রবণ। বছরের পর বছর ধরে ১ জানুয়ারির দিন কাশীপুর ও দক্ষিণেশ্বর চত্বরে অগণিত ভক্ত ভিড় জমান। ১৮৮৬ সালের ১ জানুয়ারির দিন সকালে কাশীপুর উদ্যানবাটীতে শ্রীরামকৃষ্ণের ভাবসমাধি ও সেই সময়ে ভক্তদের কৃপাদানকে কেন্দ্র করে দিনটিতে যে আধ্যাত্মিকতা জুড়ে গিয়েছে যুগ যুগ ধরে ভক্তেরা তা স্মরণ করে থাকেন।












Click it and Unblock the Notifications