মমতার বিরুদ্ধে প্রার্থী হতে নারাজ! অধীরের তালেই তাল মেলাচ্ছেন যুব সভাপতি সাদাব
মমতার বিরুদ্ধে প্রার্থী হতে নারাজ! অধীরের তালেই তাল মেলাচ্ছেন যুব সভাপতি সাদাব
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী চান না মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী দিতে। তা তিনি ফলাও করে আগেও বলেছিলেন। ভবানীপুরে উপনির্বাচন ঘোষণার পরও বলছেন। এবার অধীরের পর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে বেঁকে বসলেন সাদাব খান।

জামানত জব্দ, আর প্রার্থী হতে নারাজ কংগ্রেসের সাদাব
২০২১-এর বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এই সাদাব খান। মাত্র ৫ হাজারের সামান্য কিছু ভোট পেয়েছিলেন। চার শতাংশের একটু বেশি ভোট পেয়েছিলেন তিনি। এবার উপনির্বাচনে স্বাভাবিকভাবেই তাঁর নাম উঠেছিল সংযুক্ত মোর্চা তথা কংগ্রেসের প্রার্থী হিসেবে। কিন্তু প্রার্থী নিজেই গররাজি।

কংগ্রেসের সাদাব ভবানীপুরের প্রার্থী হতে নারাজ, কেন
পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সাদাব খান ফের ভবানীপুরের প্রার্থী হতে নারাজ। জামানত বাজেয়াপ্ত হওয়ার পর আর ওই আসনে প্রার্থী হতে চাইছেন না তিনি। সাদাব বলেন, উপনির্বাচনে আর প্রার্থী হতে চাই না। এটা আমার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া নিয়ে বিধানভবন দ্বিধাবিভক্ত।

ভবানীপুরে মমতার বিরুদ্ধে কংগ্রেস আদৌ প্রার্থী দেবে কি
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমি আমার ব্যক্তিগত মত জানিয়েছি। এবার প্রদেশ নেতৃত্ব বসে ঠিক করবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা প্রার্থী দেবে কি না। এটা একার সিদ্ধান্ত হতে পারে না। তারপর দলের হাইকম্যান্ড থেকে কী নির্দেশ আসে, সেটাও একটা ফ্যাক্টর। এমন পরিস্থিতি হতে পারে, দলের হাইকম্যান্ডকে সিদ্ধান্ত নিতে হচ্ছে ভবানীপুরে প্রার্থী দেওয়ার ব্যাপারে।

মমতা-বিরোধিতায় পয়লা নম্বরে থাকা অধীরও বেঁকে বসেছেন
কংগ্রেসের একাংশ চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী অবস্থান বজায় রাখুক কংগ্রেস। তারা প্রার্থী দেওয়ারই পক্ষে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় পয়লা নম্বরে থাকতেন অধীর চৌধুরী। তিনি কেন বেঁকে বসলেন মমতা-বিরোধিতায়, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে জনমানসে। তবে কি হাইকম্যান্ডের মনবাসনা জানতে পেরেছেন তিনি!

২০২৪-এর আগে হাইকম্যান্ড মমতার বিরুদ্ধে লড়াইয়ে নামবে!
সলমন খুরশিদ শনিবারই এসেছেন কলকাতায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধী। তাই প্রদেশ কংগ্রেসের নেতারা অন্যরকম ভাবতে শুরু করেছেন। কংগ্রেস-তৃণমূলের দিল্লির সমীকরণও তাঁদের মাথায় রয়েছে। ২০২৪-এর আগে তাই হাইকম্যান্ড মমতার বিরুদ্ধে লড়াইয়ে নামতে চায় কি না, সেটাও একটা প্রশ্ন।

সমস্যা সামশেরগঞ্জ নিয়েও, চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন অধীর
তাহলে কি সামশেরগঞ্জ বা জঙ্গিপুরেও প্রার্থী দেবে না কংগ্রেস। শুধু ভবানীপুর নিয়েই নয়, সমস্যা রয়েছে সামশেরগঞ্জ নিয়েও। এই আসনটিতে সিপিএমকে প্রার্থী না দেওয়ার অনুরোধ করেছিল কংগ্রেস। কিন্তু সিপিএম প্রার্থী দেয়। আবার কংগ্রেসও তাঁর বিরুদ্ধে প্রার্থী করে জাইদুর রহমানকে। তিনি আবার সম্পর্কে তৃণমূল সাংসদ খলিলুর রহমানের ভাই। ফলে জাইদুরও ভোট লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। এমতাবস্থায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।












Click it and Unblock the Notifications