কংগ্রেস-সিপিএম জোট কি ভাঙনের মুখে! ভবানীপুর নিয়ে সোনিয়া সিদ্ধান্তের দিকে তাকিয়ে দল
কংগ্রেস-সিপিএম জোট কি ভাঙনের মুখে! ভবানীপুর নিয়ে সোনিয়া সিদ্ধান্তের দিকে তাকিয়ে দল
ভবানীপুরের উপনির্বাচনকে কেন্দ্র করে কি কংগ্রেস-সিপিএম জোট ধাক্কা খাবে? রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে কংগ্রেস-সিপিএমের অন্দরে টানবাহানা চলছে ভবানীপুর বিধানসভা কেন্গ্রে প্রার্থী নিয়ে। জোটের সমঝোতা অনুযায়ী ভবানীপুর কেন্দ্র পড়েছিল কংগ্রেসের ভাগে। এখন কংগ্রেস প্রার্থী না দিলে সিপিএম প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে।

উপনির্বাচনে প্রার্থী হতে অস্বীকার প্রদেশ যুব সভাপতির
সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজের মত ব্যক্ত করে জানিয়েছিলেন তিনি ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিতে ইচ্ছুক নন। এটা তাঁর ব্যক্তিগত মত। এরপর প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সাদাব খান যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন ২০২১-এর বিধানসভা নির্বাচনে তিনি উপনির্বাচনে প্রার্থী হতে অস্বীকার করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী তৈরি সিপিএমের
এমতাবস্থায় সিপিএম জানায়, কংগ্রেস যদি প্রার্থী না দেয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁরা প্রার্থী দিতে তৈরি। তবে তাঁরা শেষপর্যন্ত দেখবেন, কংগ্রেস কী করে। তারপরই তাঁরা প্রার্থী দেওয়ার ব্যাপারে ভাববেন বলে জানান। সোমবার থেকে শুরু হয়েছে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠক। এই বৈঠকেই সিপিএম চূড়ান্ত করে ফেলবে ভবানীপুরের প্রার্থীর নাম।

মমতার বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার পক্ষে অধীর
একুশের বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করে লড়েছিল কংগ্রেস। কংগ্রেস-সিপিএম জোটের লড়াই ছিল তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। সেই লড়াইয়ে জোট কোনও ছাপই ফেলতে পারেনি। এবার একেবারে মুছে গিয়েছে কংগ্রেস ও সিপিএম। অধিকাংশ ক্ষেত্রেই প্রার্থীদের জমানত জব্দ হয়েছে। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী না দিতে মনস্থ করেন।

মমতার বিরুদ্ধে প্রার্থী কি না সিদ্ধান্ত সোনিয়ার
মমতার বিরুদ্ধে ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেবে কি না তা সোমবারই চূড়ান্ত হয়ে যেতে পারে। কংগ্রেস হাইকম্যান্ড এদিনই সেই সিদ্ধান্ত নিতে চলেছে। অধীর চৌধুরী জানিয়েছিলেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকম্যান্ড। কলকাতায় পা দিয়ে এআইসিসি নেতা সলমন খুরশিদ বলেছিলেন মমতার বিরুদ্ধে প্রার্থী দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত নেবেন খোদ সোনিয়া গান্ধী।

কংগ্রেস প্রার্থী দেবে কি না, তা নিয়ে সংশয়
একুশের ভোটের পর দিল্লির রাজনীতিতে দুই দল কাছাকাছি এসেছে। সোনিয়ার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই তাঁদের মধ্যে সুসম্পর্ক সুবিদিত। সম্প্রতি মমতাকে মধ্যমণি করে অ-বিজেপি দলগুলিকে নিয়ে জোট-বৈঠক করেন সোনিয়া গান্ধী। এই পরিস্থিতিতে মমতার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যায়।

কংগ্রেস সিদ্ধান্ত জানিয়ে দিলেই সিপিএমের ঘোষণা
সিপিএম তাই তৈরি থাকছে। কংগ্রেস যদি সত্যিই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেয়, তবে সিপিএম প্রার্থী দেবে। কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকেই তাঁরা নাম চূড়ান্ত করে রাখছে। কংগ্রেস সিদ্ধান্ত জানিয়ে দিলেই সিপিএম ঘোষণা করে দেবে প্রার্থীর নাম। সেক্ষেত্রে বাম-কংগ্রেস জোট ধাক্কা খাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফলে বাকি দুই কেন্দ্রে কী হবে জোট-সমীকরণ তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।












Click it and Unblock the Notifications