অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, টুইটে সরব রাজ্যপাল ধনখড়
অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, টুইটে সরব রাজ্যপাল ধনখড়
সাত সকালে ভাটপাড়ায় তুলকালাম। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অর্জুন সিংয়ের বাড়ির মূল গেটের সামনে বোমাবাজি করে দুষ্কৃতিরা। ভোর সাড়ে ৬টা নাগাদ পরপর তিনটি বোমা মেরে পালিয়ে যায় তারা। তারপরেই রাজ্যপাল জগদীপ ধনখড় ফের মমতা সরকারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন।

বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজি
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে সাত সকালে বোমাবাজি করে দুষ্কৃতিরা। সকাল সাড়ে ৬টা পর পর তিনটি বোমা ছোড়া হয় বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে। বোমা ছোড়ার আগে অকথ্য ভাষায় গালিগালাজও করে তারা। তারপরেই হইচই শুরু হয়ে যায়। বাইকে করে এসে দুষ্কৃতিরা বোমাবাজি করে বলে পুলিশ এখনও তাঁদের চিহ্নিত করতে পারেনি। ভাটপাড়া থানার পুলিশ তদন্ত করে দেখছে। স্থানীয় বাসিন্দারা ভয়ে এই নিয়ে কিছু বলতে চাইছেন না। একটি বোমা সাংসদের বাড়ির মূল গেটের সামনে ফাটে আর একটি বোমা সিআইএসএফ জওয়ানদের পাহারা দেওয়ার জায়গায় ফাটে।

তৃণমূলকে নিশানা দিলীপের
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। িতনি অভিযোগ করেছেন অর্জুন সিং মাথা নত করতে চাননি বলেই তাঁর উপর বারবার হামলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস টার্গেট করে রেখেছে অর্জুন সিংকে। পাল্টা দিলীপ ঘোষকে নিশানা করেছেন কুণাল ঘোষ। তিনি অভিযোগ করছেন অর্জুন সিং কতটা সৎ সেটা সকলেরই জানা। পুলিশের খাতা চেক করে যেন মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

রাজ্যপালের টুইট
অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফের তিনি মমতা সরকারের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি টুইটে লিখেছেন, পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণ নেই। সংসদ সদস্য অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি রাজ্যের আইন -শৃঙ্খলার পক্ষেও উদ্বেগজনক।' এই নিয়ে সরব হয়েছেন তিনি। এর আগেও রাজ্যপাল পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকী এই নিয়ে রাজ্যপাল দিল্লিতে গিয়েও দরবার করে এসেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন মমতা সরকারের পুলিশ বিজেপির নেতাদের হামলার ঘটনা দেখেও চুপ করে রয়েছেন।

তদন্তে পুলিশ
তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ভয়ে এখনও কেউ মুখ খুলতে নারাজ। কারা সেখানে এসে বোমাবাজি করেছে তা নিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সাংসদের বাড়িতে যদিও বোমাবাজি হতে পারে তাহলে সাধারণ মানুষের উপরেও হামলা হতে পারে বলে আতঙ্কে রয়েছে তারা। পুরনো শত্রুতার কারণে এই বোমাবাজি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications