তৃণমূলের উদ্যোগে ঘরে ফিরেই দলত্যাগ বিজেপি কর্মীদের, তুলে নিলেন তেরঙ্গা পতাকা
তৃণমূলের উদ্যোগে ঘরে ফিরেই দলত্যাগ বিজেপি কর্মীদের, তুলে নিলেন তেরঙ্গা পতাকা
বিজেপি নেতৃত্বের উপর ক্ষোভ উগরে গ্রামে ফিরেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন ঘরছাড়ারা। বাংলার বিভিন্ন জেলায় জেলায় একই ছবি উঠে আসছে। যেমনটা উঠে এল পশ্চিম বর্ধমানের ইছাপুর পাটশাওড়া গ্রামে। তৃণমূল নেতাদের উদ্যোগেই ঘরে ফিরছেন ঘরছাড়ারা। কোনও বিজেপি নেতা তাঁদের পাশে এসে দাঁড়াননি। তাই ঘরে ফিরেই তৃণমূলে নাম লেখালেন তাঁরা।

ঘরে ফিরেই তৃণমূল কংগ্রেসে যোগদান
নির্বাচন পরবর্তী হিংসার কারণে ঘরছাড়া হয়েছিলেন ইছাপুর গ্রাম পঞ্চায়েতের পাটশাওড়া গ্রামের শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক। তাঁদের পাশে দাঁড়াতে কোনও বিজেপি নেতা এগিয়ে আসেননি। তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই শনিবার ঘরে ফিরেছেন তাঁরা। রবিবার সকালে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপিকর্মীরা
রবিবার সকালে তাঁরা তৃণমূল পার্টি অফিসের সামনে জড়ো হন। তাঁদের হাতে পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল নেতারা। তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘরে ফেরা কর্মী-সমর্থকরা বলেন, ভোটের ফল প্রকাশের পর ভয় পেয়ে বিরোধী দলের অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিলেন। তাঁদেরই অনেকে ফিরে এলেন গ্রামে।

ঘরে ফিরতে আবেদন করেছিলেন তৃণমূলে
ঘরছাড়া বিজেপিকর্মীদের পাশে কোন নেতা দাঁড়াচ্ছেন না দেখে অনেক বিজেপি কর্মী আবেদন করেছিলেন তাঁরা তৃণমূলে যোগ দিতে চান। তাঁদেরই ঘরে ফেরার ব্যবস্থা করা হয়। সেইসঙ্গে অন্যদেরও ঘরে ফেরানো হয়। শতাধিক কর্মী-সমর্থকদের মধ্যে জনা পঞ্চাশেক তৃণমূলে যোগ দেন। দলীয় স্তরে আলোচনা করেই সবাইকে ফেরানোর বন্দোবস্ত করা হয়।

তৃণমূল নেতারা বাড়ি ফেরার বন্দোবস্ত করেন
তৃণমূলে যোগ দিয়ে শ্যামল বাউড়ি, লক্ষ্মী বাউড়ি, বৈদ্যনাথ বাউড়িরা জানান, ভয় পেয়ে ঘর ছেড়েছিলাম। বিজেপি নেতাদের জানানো হলেও তাঁরা কোনও সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। বাড়ি ছেড়ে অন্যত্র থাকছিলাম। তৃণমূল নেতারা আমাদের বাড়ি ফেরার বন্দোবস্ত করে দিলেন। তাঁদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেই দলে যোগ দিলাম।

দ্বিচারিতা বেশিদিন চলবে না, সাবধান করল বিজেপি
এই ঘটনায় বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায় বলেন, এদিনের ঘটনাই প্রমাণ করল তৃণমূল কংগ্রেস সাপ হয়ে কাটছে আর ওঝা হয়ে বিষ তুলছে। প্রথমে সন্ত্রাস করে ঘরছাড়া করার পর কর্মী-সমর্থকদের ফিরিয়ে এনে সহানুভূতি আদায় করে দল বাড়াচ্ছে। নিজেদের মহান প্রমাণ করার জন্য এই দ্বিচারিতা বেশিদিন চলবে না।












Click it and Unblock the Notifications