তৃণমূলের 'দুয়ারে দুয়ারে সরকার' এর পাল্টা বিজেপির ‘আর নয় অন্যায়’!
তৃণমূলের 'দুয়ারে দুয়ারে সরকার' এর পাল্টা বিজেপির ‘আর নয় অন্যায়’!
সম্প্রতি রাজ্যের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি পরিষেবার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং সাধারণ মানুষের সহায়তার জন্য 'দুয়ারে দুয়ারে সরকার' কর্মসূচি নিয়েছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার এর পাল্টা কর্মসূচি শুরু করার কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপবাবু তৃণমূলের 'দুয়ারে দুয়ারে সরকার' কর্মসূচি নিয়ে কটাক্ষ করে বলেন, 'তৃণমূল যেমন বাড়ি বাড়ি যাবেন, তেমনি আমরাও সরকারের দুর্নীতি নিয়ে অভিযান শুরু করছি 'আর নয় অন্যায়' এর দ্বিতীয় পর্যায়। এই দ্বিতীয় পর্যায়ে সরকার যে দুর্নীতি এবং অত্যাচার করছে তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার জন্য একটি লিফটলেট নিয়ে আমরাও দুয়ারে দুয়ারে যাবো।'
এবার রাজ্যের এক কোটির বেশি বাড়িতে 'আর নয় অন্যায়'-এর লিফটলেট নিয়ে যাবার কথা ঘোষণা করেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, 'চলতি মাসের ৫ তারিখ থেকে রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি বুথে এই কাজ শুরু হবে এবং চলবে ১৩ তারিখ পর্যন্ত।'
এদিন আমফানের ত্রাণ নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আমফানের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষ ত্রাণের টাকা পায়নি, শুধুমাত্র তৃণমূলের লোকেরাই ত্রাণের টাকা পেয়েছে। তেমনি করোনার সময় মাস্ক, স্যানিটাইজার নিয়েও দুর্নীতি করেছে এই সরকার। এছাড়াও ২০০৯ সালে আয়লা এসেছিল তখন পাঁচ হাজার কোটি টাকা কেন্দ্র থেকে আসে কিন্তু তখনও সেই টাকা নিয়ে দুর্নীতি হয়।' দিলীপ বাবুর দাবি, আমফানের তদন্তের সাথে সাথে আয়লারও তদন্ত করা হোক।












Click it and Unblock the Notifications