অনুব্রত-গড়ে তৃণমূলকে কুপোকাত করতে প্রচার! লিফলেটই হাতিয়ার বিজেপির
অনুব্রত-গড়ে তৃণমূলকে কুপোকাত করতে অভিনব প্রচার! লিফলেটই হাতিয়ার বিজেপির
সিএএ বা এনআরসি নয়, তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তিই আসন্ন পুরভোটে প্রচারের মূল হাতিয়ার করছে বিজেপি। তৃণমূলের দুর্নীতিকে জনমানসে প্রচার করে বিজেপি ফায়দা তুলতে চাইছে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে। সেজন্য শুরু হয়ে গিয়েছে লিফলেট বিলি। সেই লিফলেটে তুলে ধরা হয়েছে সম্পত্তির ফারাক।

তৃণমূলকে ফাঁপরে ফেলতে
বীরভূমের বিজেপি শিবির কোমর বেঁধেই নামছে এবার। সাঁইথিয়া পুরসভায় তৃণমূলকে ফাঁপরে ফেলতে বিজেপি বেঁধেছে এক অভিনব ফন্দি। তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তি বিগত পাঁচ বছরে কতটা বেড়েছে, তার খতিয়ান তুলে ধরা হয়েছে ওই লিফলেটে। এখন থেকেই তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

তৃণমূলের দুর্নীতিকে পাথেয় করে
বিজেপি শিবির প্রচারে নেমে পড়েছে তৃণমূলের দুর্নীতিকে পাথেয় করে। আর তৃণমূলও নেমে পড়েছে পাল্টা প্রচারে। তাদের প্রচারের মূল ইস্যু উন্নয়ন। বিগত পাঁচ বছরে শহরের উন্নয়ন তাঁরা কোন জায়গায় নিয়ে গিয়েছে, তা তুলে ধরছে তৃণমূল কংগ্রেস। মোট কথা এখন থেকেই জমজমাট ভোটপ্রচার শুরু হয়ে গিয়েছে অনুব্রত-গড়ে।

জেলার পাঁচ পুরসভার চিত্র
জেলায় মোট পাঁচটি পুরসভা। বোলপুর, সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর ও রামপুরহাট পুরসভা রয়েছে তৃণমূলের দখলে। প্রতিটি পুরসভাতেই সিংহভাগ ওয়ার্ড তৃণমূলের, একটি-দুটি করে আসন রয়েছে বিজেপি বা বিরোধীদের। একমাত্র দুবরাজপুর পুরসভায় ১৬টি ওয়ার্ডের মধ্যে ৯টি তৃণমূল, ২টি করে সিপিএম ও বিজেপি এবং কংগ্রেসের দখলে চারটি ওয়ার্ড।

আসমান-জমিন ফারাক সম্পত্তির
এই অবস্থায় বিজেপি প্রচার শুরু করেছে লিফলেটে। সেখানে থাকছে ৫ বছর আগে তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তির পরিমাণ, আর পাঁচ বছরের মেয়াদ শেষে কতটা দাঁড়িয়েছে সম্পত্তির পরিমাণ। সেই আসমান-জমিন ফারাক দেখিয়ে বিজেপি ভোট চাইবে বলে জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি শ্যামাপদ মণ্ডল।

বিজেপিই প্রমাণ করে দিচ্ছে, উন্নয়ন প্রশ্নাতীত
তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির হাতে কোনও ইস্যু নেই। তাই কেচ্ছার রাজনীতি শুরু করেছে। আমরা কাজ করেছি, উন্নয়ন করেছি, সেই ছবিই তুলে ধরব মানুষের সামনে। আমাদের বিশ্বাস মানুষ আমাদের নিরাশ করবে না। বিজেপিই প্রমাণ করে দিচ্ছে, উন্নয়ন নিয়ে কোনও প্রশ্ন নেই কারও।

কাউন্সিলর ও তাঁর স্ত্রীর দুর্নীতি লিফলেটে
উল্লেখ্য, বিজেপি সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর স্ত্রীর দুর্নীতি অভিযোগ প্রকাশ্যে নিয়ে এসেছে ইতিমধ্য়ে। তাঁদের বেআইনি সম্পত্তির পরিমাণ তুলে ধরে দুর্নীতি সামনে এনেছে। লিফলেট বিলি শুরু করে দিয়েছে পদ্মশিবির। লিফলেটে কাটমানি নেওয়ার অভিয়োগও করা হয়েছে।












Click it and Unblock the Notifications