করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী পার্নো, পারলেন না ভোট দিতে
ফের করোনা আক্রান্ত প্রার্থী। এবার কোভিডের থাবায় বরানগরের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্র।
ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের প্রথম সারির একাধিক অভিনেতা, অভিনেত্রী। আক্রান্ত হয়েছেন সাহিত্যিক বুদ্ধদেহ গুহ। শুধু তাই নয়, করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাহিত্যিক শঙ্খ ঘোষের। ক্রমশ বাংলায় ভয়াল আকার নিচ্ছে করোনা।
এই অবস্থায় কনটেনমেন্ট জোন তৈরির কথা বলছে কেন্দ্র। যদিও মমতার দাবি, যেভাবে প্রথমবারে করোনাকে সামলে ছিলেন তিনি সেভাবেই এবারও সামলাবেন তিনি।

করোনা আক্রান্ত পার্নো মিত্র
ফের করোনা আক্রান্ত প্রার্থী। এবার কোভিডের থাবায় বরানগরের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্র। সোমবার সকালেই বিবৃতিতে পার্নো লেখেন , 'আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সবার শুভকামনায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। বর্তমান পরিস্থিতির জন্য আমি ঘরবন্দি। ভোট দিতে যেতে পারব না। আমার এতদিনের প্রচার ও রাজনৈতিক যাত্রার শেষভাগে আমি থাকতে পারলাম না। যাঁরা যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব একবার কোভিড পরীক্ষা করিয়ে নিতে। সবাই মাস্ক পরুন। ভালো থাকুন। সুরক্ষিত থাকুন'

কাজল সিনহার মৃত্যু হয়
গত ২৪ ঘন্টা আগেই করোনাভাইরাসের শিকার হতে হয় রাজ্য বিধানসভা নির্বাচনে এক প্রার্থীকে। রবিবার সকালে প্রয়াত হন উত্তর ২৪ পরগনার খড়দা আসনের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। এর আগেই আরও দুই প্রার্থীর মৃত্যু হয়েছে। রবিবার কাজল সিনহা বেলেঘাটার আইডি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস।

করোনার বাড়বাড়ন্তে দায়ি কমিশন
বাংলায় করোনার বাড়বাড়ন্তের জন্য কমিশনই দায়ী। অভিযোগ করেছেন উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অভিযোগ,করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কমিশন কিছু ব্যবস্থা করেনি। বিজেপির লোকেরা মিটিং করছে, মিছিল করছে। আর তা থেকেই করোনা বাড়ছে। শুধু জ্যোতিপ্রিয় মল্লিকই নয়, বাংলায় করোনার বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুলেছেন মমতাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'পরিকল্পনা করে ৮ দফায় ভোট করেছে। বারবার বলা হচ্ছে বাকি ভোট একদফায় করুন, তাও করছে না। মানুষ মেরে আট দফার ভোটে কি মধু আছে? প্রশ্ন তুলেছেন মমতা

দৈণিক করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার
বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ষোল হাজার। রবিবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ হাজার ৮৮৯ জন। মারণ ভাইরাস গত ২৪ ঘণ্টায় প্রাণ কেড়েছে ৫৭ জনের। বর্তমানে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৪৩ হাজার ৯৫০ জন। সেই সঙ্গে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৯৪১। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান বলছে, রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৮০০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮,৪০৭ জন।ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা এখন ৬ লক্ষ ৪৪ হাজার ২০৯। রাজ্যে সুস্থতার হার কমে হয়েছে ৮৬.৫৯ শতাংশ।












Click it and Unblock the Notifications