তৃণমূলে যোগ দিলেন হেপ্টাথলন তারকা স্বপ্না বর্মন, বিধানসভা ভোটে প্রার্থী হওয়া নিয়ে তুঙ্গে চর্চা
দেশের নাম উজ্জ্বল করা হেপ্টাথলন তারকা স্বপ্না বর্মন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজ তৃণমূল ভবনে তিনি রাজ্যের শাসক দলের পতাকা গ্রহণ করলেন।
উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের এই কৃতী অ্যাথলিটের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও সেই সময় উপস্থিত ছিলেন।

২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জেতার পাশাপাশি ২০১৭ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হেপ্টাথলনে প্রথম স্থান অধিকার করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন স্বপ্না।
রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। এমন এক মুহূর্তে শাসক দলে যোগ দিয়ে স্বপ্না বর্মন জানান, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ও একেবারে সাধারণ স্তর থেকে উঠে আসার গল্প আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
অভিনেতা ও নাট্যকার ব্রাত্য বসু স্বপ্নাকে স্বাগত জানিয়ে বলেন, "আমরা তাঁকে আমাদের দলে স্বাগত জানাই। আজ আমার 'চক দে' এবং 'দঙ্গল' চলচ্চিত্র দুটির কথা মনে পড়ছে।" তিনি আরও যোগ করেন, ওই ছবিগুলি ছিল কাল্পনিক, কিন্তু স্বপ্নার সাফল্য বাস্তব। ব্রাত্য বসু বলেন, "তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমরা বলতে চাই, 'চক দে স্বপ্না'।"
উল্লেখ্য, কিছুদিন ধরেই স্বপ্নার তৃণমূলে যোগদান নিয়ে চর্চা চলছিল। জলপাইগুড়ির কোনও আসন থেকে স্বপ্নাকে প্রার্থী করা হতে পারে বলেও জল্পনা রয়েছে। এমনকী তিনি জিতলে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া মন্ত্রকের দায়িত্বও দিতে পারে বলে চর্চা রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications