কোর্টেই যদি বিচার চাইবেন, বিধানসভার অধ্যক্ষের কাছে এলেন কেন? শুভেন্দুদের বার্তা স্পিকারের
কোর্টেই যদি বিচার চাইবেন, বিধানসভার অধ্যক্ষের কাছে এলেন কেন? শুভেন্দুদের বার্তা স্পিকারের
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার শুনানি এড়িয়ে গিয়েছেন মুকুল রায়। স্পিকারের কাছে চিঠি লিখে তিনি আবেদন জানিয়েছেন শুনানি এক মাস পিছিয়ে দেওয়ার জন্য। তার পরিপ্রেক্ষিতে মুকুল-মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে ১৫ সেপ্টেম্বর। কিন্তু বিধানসভার স্পিকারের পথ চেয়ে বসে না থেকে দ্রুত মামলার নিষ্পত্তির জন্য হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।

স্পিকার সময় দিয়েছেন মুকুল রায়কে
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টই বলেন, শারীরিক অসুস্থতার কারণে মুকুল রায় হাজির থাকতে পারবেন না, সেই কারণেই তিনি সময় দিয়েছেন মুকুল রায়কে। পরবর্তী শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে প্রায় ১ মাস।

কোর্টে গিয়ে বিচার পাবেন, কোর্টেই যেতে পারতেন
মুকুল-মামলায় শুভেন্দু অধিকারীর হাইকোর্টের শরণাপন্ন হওয়া প্রসঙ্গে বিধানসভার স্পিকার বলেন, কোর্টের দরজা সবার জন্য খোলা। ওরা যদি মনে করেন, কোর্টে গিয়ে বিচার পাবেন, তাহলে কোর্টেই চলে যেতে পারত, ওনারা বিধানসভার অধ্যক্ষের কাছে এলেন কেন? আমি বুঝতে পারছি না। ওরা যদি মনে করেন, কোর্টে গেলেই সুবিচার পাবেন তাহলে কোর্টেই যেতে পারতেন, কেন অহেতুক স্পিকারের কাছে এলেন?

যে চেয়ারে বসে আছি, তার পবিত্রতা বজায় রাখব
স্পিকার বলেন, সবাইকে ন্যাচারাল জাস্টিস দিতেই শুনানি পিছিযে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুভেন্দু অধিকারীর হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের দরজা সবার জন্য সবসময় খোলা আছে। যে কেউ আদালতে যেতে পারেন। আমি নিয়ম মেনেই এই মামলা এগিয়ে নিয়ে যাচ্ছি। যে চেয়ারে বসে আছি, তার পবিত্রতা বজায় রাখার জন্য যা করার করব। সবাইকে ন্যাচারাল জাস্টিস দেওয়াই আমার লক্ষ্য।

মুকুল রায়ের আবেদনকে মান্যতা দিয়েই শুনানি শেষ
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে মুকুল রায় উল্লেখ করেন, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। তাই তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য আরও একমাস সময় দেওয়া হোক। মুকুল রায়ের অনুপস্থিতিতে এই মামলার শুনানি শেষ হয় মাত্র ১৫ মিনিটে। স্পিকার পরবর্তী শুনানির দিন ধার্য করেন মুকুল রায়ের আবেদনকে মান্যতা দিয়েই। তার পরিপ্রেক্ষিতেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ আইন কার্যকর মামলা
মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ আইন কার্যকর মামলার শুনানির কথা ছিল। কিন্তু মুকুল রায় শুনানিতে উপস্থিত হননি। উল্টে তিনি চিঠি লিখে এক মাস সময় চান স্পিকারের কাছে। এই শুনানিতে যথাসময়ে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অম্বিকা রায়, আইনজীবী সায়ক চক্রবর্তী ও বিল্বদল ভট্টাচার্য। কিন্তু তাঁরা গিয়ে জানতে পারেন মুকুল রায় আসছেন না। তিনি চিঠি লিখে এক মাস সময় চেয়েছেন। শেষে মুকুল রায়ের আবেদনকে মান্যতা দিয়ে স্পিকার শুনানি পিছনোর সিদ্ধান্ত নেন।












Click it and Unblock the Notifications