করোনা আতঙ্কের মধ্যে নয়া ভীতির সঞ্চার করল ছাইবৃষ্টি, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞরা
করোনার হানায় কাঁপছে ভারত, বাংলাতেও ছড়াচ্ছে আতঙ্ক। এই অবস্থায় করোনা-ত্রাসের মধ্যেই নতুন উপসর্গ দেখা দিল বাংলায়।
করোনার হানায় কাঁপছে ভারত, বাংলাতেও ছড়াচ্ছে আতঙ্ক। এই অবস্থায় করোনা-ত্রাসের মধ্যেই নতুন উপসর্গ দেখা দিল বাংলায়। এবার আতঙ্ক দ্বিগুণ বাড়িয়ে উড়ে এল ছাই। এই ছাই-বৃষ্টি কী কারণে, তা নিয়ে দিনভর উদ্বেগ ছড়িয়ে পড়ল হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে।

হঠাৎই বিস্তীর্ণ এলাকায় বাড়ির ছাদে বা উঠানে উড়ে আসছে ছাই। বরানগর, বসিরহাট, আড়িয়াদহ, দক্ষিণেশ্বর, বেলুড়, বালি, উত্তরপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু কেন এই ছাই বৃষ্টি, অনেকেই মনে করছে উল্কাপাতের জেরে এই ছাইবৃষ্টি। তবে বিশেষজ্ঞরা তা আমল দিতে নারাজ।
আবার অনেকে গুজব রটিয়ে দেয়, এভাবেই ভাইরাস ছেড়ে দেওয়া হচ্ছে। তবে সেইসব গুজব উড়িয়ে বিশেষজ্ঞরা সাফ জানিয়ে দেন, ভাইরাস বা উল্কাপাত- এসব কিছুই নয়, কোনও অগ্নিকাণ্ডের জেরে এই ছাইবৃষ্টি হতে পারে। তারপরই খোঁজ নেওয়া শুরু হয়, স্থানীয় কোনও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কি না।
জানা যায়, হুগলিতে রবিবার বন্ধ হয়ে যাওয়া একটি কারখানার চুল্লি নেভানো হয়েছে। আবার বালির নিশ্চিন্দা এলাকায় জাতীয় সড়কের পাশে একটি জঙ্গলে আগুন লেগেছিল, দক্ষিণেশ্বরের একটি বস্তিতেও আগুন লাগে। বায়ু মণ্ডলের দূষণ কমে যাওয়ায় দমকা হাওয়ায় অনেক দূর উড়ে যায় ওই আগুন নেভা ছাই।
এই ছাইবৃষ্টির জেরে যেভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে তার নিবৃত্তি ঘটে অবশেষে। বিশেষজ্ঞদের ব্যাখ্যার পর ঘটনাপরম্পরা মিলে যাওয়ায় গুজবের পালা সাঙ্গ হয়। জানা যায় ছাই বৃষ্টির সম্ভাব্য কারণ। করোনার আতঙ্কের আবহে আর এক আতঙ্কের পরিবেশের অবলুপ্তি ঘটে।












Click it and Unblock the Notifications