Asansol Protest Row: আসানসোলের মিছিলে আদৌও উঠল 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান? বিজেপির অভিযোগ সরগরম বাংলা
Asansol Protest Row: ওয়াকফ আইনের (Waqf Amendment Act) বিরুদ্ধে মিছিল থেকে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে আসানসোলে। ইতিমধ্যে বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় নিজের সোস্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল। যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
তবে ইতিমধ্যে এই ভিডিও'র সত্যতা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। একই সঙ্গে অভিযোগের (Asansol Protest Row) ভিত্তিতে পুরো বিষয়টির গভীর গিয়ে পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন বলেও জানা যাচ্ছে।

অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার আসানসোল উত্তর থানায় ব্যাপক বিক্ষোভ দেখালো বিজেপি। থানার মুল গেট বন্ধ করে চলে এই বিক্ষোভ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আসানসোলে ওয়াকফ বিলের বিরুদ্ধে মিছিল হয়েছিল। সেই মিছিল থেকে 'পাকিস্তান জিন্দাবাদ স্লো|গান' দেওয়া হয়েছিল। একবার নয়, একাধিকবার এই স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।
তারই প্রতিবাদে এদিন আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখানো হয়। বিজেপি নেতা অরিজিত রায়ের দাবি, যারা এই শ্লোগান দিয়েছিল অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে এই ঘটনায় বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ও মেল মারফত আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারকে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় যে বা যারা ঘটিয়েছে তাদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এই বিজেপি নেতা।
যদিও এই অভিযোগ মানতে নারাজ তাহফফুজ ওয়াকত কমিটি। তাদের পক্ষ থেকে মুফতি সৈয়দ আসাদ বলেন, ওয়াকফ বিলের মিছিল থেকে এই ধরনের কোনও শ্লোগান দেওয়া হয়নি। তাদের দাবি, সংবিধান জিন্দাবাদ শ্লোগান দেওয়া হয়েছিল। এটা নিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তাই যারা এই ধরনের অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য পাল্টা আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ করা হয়েছে বলে সংগঠনের তরদফে জানানো হয়েছে।
বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ কয়েকজনের নামে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুফতি সৈয়দ আসাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি অভিযোগকে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ভাইরাল ভিডিও'র সত্যতাও যাচাই করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় শাসকদল তৃণমুলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications