লোডশেডিং বরদাস্ত নয়! নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে অরূপ সিইএসসিকে দিলেন কড়া নির্দেশ
Aroop On CESC: প্রবল দহন-জ্বালায় পুড়ছে বাংলা। কলকাতাতেও লাগাতার তাপপ্রবাহ অব্যাহত। মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে শহর ও শহরতলির বিদ্যুৎ বিপর্যয়।
দিনের নানা সময় ঘণ্টার পর ঘণ্টা কারেন্ট থাকছে না। রাতেও পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে কাটাতে হচ্ছে বিনিদ্র রাত।

কলকাতা ও তার পার্শ্বর্বতী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে সিইএসসি। লোডশেডিং আর টেকনিক্যাল ফল্টের জাঁতাকলে জেরবার মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সিইএসসির হেল্পলাইন নম্বরে ফোন করেও কাজ হচ্ছে না বলে অভিযোগ।
লোকসভা নির্বাচন চলছে। তারই মধ্যে এই পরিস্থিতি রাজ্যের শাসক দলের মাথাব্যথাও বাড়িয়েছে। ঝড় নেই, জল নেই, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে গিয়ে রাজ্য সরকারের উপরও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। বিজেপি প্রচারে বলছে, রাজ্যে সরকার বদলালে সিইএসসির একাধিপত্য খর্ব করা হবে।
সিইএসসির তরফে বিদ্যুৎ বিপর্যয়ের কথা অস্বীকার করা হয়নি। তাদের পাল্টা যুক্তি, বাজারে যে পরিমাণ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিক্রি হচ্ছে, সেই তুলনায় সেই তথ্য দিয়ে উপভোক্তারা বিদ্যুৎ দফতরে আবেদন করছেন না। ফলে লোডজনিত সমস্যা তৈরি হচ্ছে।
এই পরিস্থিতি সামাল দিতে এবার তৎপর হলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। আজ বিদ্যুৎ উন্নয়ন ভবনে বিগত ৫০ বছরে রেকর্ড ছাড়িয়ে তীব্র দাবদাহে মানুষের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিইএসসির এমডি, ইডি ডিস্ট্রিবিউশন, ইডি টেকনিক্যাল, ইডি সাপ্লাই-সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন।
বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ডিরেক্টর ডিস্ট্রিবিউশন, ডিরেক্টর অপারেশন,ইডি ডিস্ট্রিবিউশন ও বিদ্যুৎ সচিব শান্তনু বসু। বৈঠকে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ বিভ্রাটের জন্য সিইএসসিকে তীব্র ভর্ৎসনা করেন অরূপ বিশ্বাস। সেই সঙ্গে সিইএসসি কর্তৃপক্ষকে আরও দ্রুততার সঙ্গে পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
একই সঙ্গে অরূপ বিশ্বাস সিইএসসি কর্তৃপক্ষকে বলেন, যেখানে টেকনিক্যাল ফল্ট হবে সেখানে অবিলম্বে সিইএসসির কাছে যে ১০০টি জেনারেটর রয়েছে তা দিয়ে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে হবে। সেই সঙ্গে তিনি আবারও ম্যানপাওয়ার ও মোবাইল ভ্যান বাড়ানোর নির্দেশ দেন।












Click it and Unblock the Notifications