মমতার কথা ঠিক হলে ইন্দিরা, প্রণবও বহিরাগত! সিএএ প্রয়োগ কবে, সময় জানালেন অমিত শাহ
মমতার কথা ঠিক হলে ইন্দিরা, প্রণবও বহিরাগত! সিএএ প্রয়োগ কবে, সময় জানালেন অমিত শাহ
জেপি নাড্ডার কনভয়ে হামলা, বাংলার গণতন্ত্রের ওপরে হামলা। এদিন এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(amit shah)। তবে তিনি পরিষ্কার জানিয়ে দেন হিংসার জবাব হিংসা দিয়ে হয় না। তিনি দাবি করেন, রাজ্যের অনুপ্রবেশ সমস্যার সমাধান করতে পারে বিজেপিই।

জেপি নাড্ডার কনভয়ে হামলার নিন্দা
এদিন বোলপুরে সাংবাদিক সম্মেলনের শুরুতেই দিন কয়েক আগে রাজ্যে জেপি নাড্ডার কনভয়ে হামলায় নিন্দা করেন অমিত শাহ। তিনি বলেন এই হামলা বাংলার গণতন্ত্রের ওপরে হামলা। তৃণমূল সরকারের অহংকারের জন্যই এই ঘটনা বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি এই হামলা নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাজ্যের বিজেপি নেতারা এই হামলার ভয়ে পিছিয়ে যাবে না। তিনি বলেন, বিজেপির ওপরে যত হামলা হবে, ততই তারা শক্তিশালী হবেন।

হিংসার জবাব হিংসা দিয়ে নয়
অমিত শাহ বলেন, হিংসার জবাব হিংসা দিয়ে হয় না। মানুষকে সঙ্গে নিয়ে হিংসার জবাব দেওয়া হবে। সামনের নির্বাচনে তৃণমূল পরাস্ত হবে বলেও দাবি করেন তিনি। অমিত শাহ বলেন, প্রত্যেকের কথা বলার অধিকার আছে। কটাক্ষ করে তিনি বলেন হামলার পরে রাজ্যের প্রশাসনিক প্রধানের কোনও বক্তব্য পাওয়া যায়নি। যেভাবে তৃণমূলের তরফে বলা হয়েছে, তাতে মনে হয়েছে, তারা হিংসাকেই সমর্থন করছেন। অভিযোগ করে তিনি বলেন, রাজ্যে হিংসা চরম সীমায় পৌঁছে গিয়েছে। তৃণমূলের হামলায় তাঁদের দলের অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেছেন অমিত শাহ।

রাজ্যে দুর্নীতি চরম সীমায়
এদিন অমিত শাহ অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি চরম সীমায় পৌঁছে গিয়েছে। এদিন তিনি আম্ফানের ত্রাণ ও ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ তুলেছেন আরও একবার। প্রসঙ্গত এমাসের শুরুর দিকে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দুর্নীতির অভিযোগ মামলায় ক্যাগ রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। তিনমাসের মধ্যে ক্যাগ রিপোর্ট পেশ করতে হবে বলে জানিয়েছিল প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারকে এব্যাপারে সহযোগিতারও নির্দেশ দিয়েছিল আদালত। যদিও পরবর্তী সময়ে রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে গিয়েছে। যা নিয়ে অমিত শাহের কটাক্ষ আম্ফান দুর্নীতি ঢাকতেই সুপ্রিম কোর্টে গিয়েছে সরকার।

মমতার কথা ঠিক হলে ইন্দিরা, প্রণবও বহিরাগত
রাজ্যের শাসকদল তথা মুখ্যমন্ত্রী বারবার বিজেপির প্রতি একটা শব্দই ব্যবহার করছেন বহিরাগত। ভিন রাজ্যের নেতাদের এরাজ্যে এনে ভোটের আগে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্যনৈতিক ভাষ্যকাররা বলছেন, কৈলাশ বিজয়বর্গীয়, জেপি নাড্ডাদের বহিরাগত তকমা দিয়েছে তৃণমূল। যা নিয়ে এদিন পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, নিজের কথা ছেড়েই দিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন, সেই সময় রাজ্যে ইন্দিরা গান্ধী কিংবা নরসীমা রাও কিংবা প্রণব মুখোপাধ্যায়রা আসলে, তাঁদেরও কি তিনি বহিরাগত বলতেন?

প্রসঙ্গ সিএএ
বছর খানেক আগে সংসদে পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। যা এখন আইনে পরিণত। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এই আইন প্রয়োগের দাবি তুলেছেন। ভোটের আগে এই আইনের প্রয়োগ না হলে, কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে সতর্ক করেছেন শান্তনু ঠাকুর। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব এব্যাপারে এতদিন কিছুই বলেননি বিষয়টি নিয়ে। এদিন অমিত শাহকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দেশে করোনার টিকাকরণ শুরু হলে সিএএ নিয়ে এগোবে সরকার।












Click it and Unblock the Notifications