স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
লোনের টাকা পাইয়ে দেওয়ার নামে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে থেকে প্রায় দুই কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে বীরভূম জেলার বোলপুর শহরের এক দম্পতি বলে অভিযোগ। বোলপুর শহরের ছ'নম্বর ওয়ার্ড এলাকার মহিলাদের অভিযোগ প্রায় সাতশ মহিলার সঙ্গে প্রতারণা করছে সুভাষ হাজরা ও শিখা হাজরা।

জানা গিয়েছে যে এই হাজরা দম্পতি এই এলাকার স্ব নির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন। দীর্ঘ দিন ধরে মেলামেশা করার পর এই দম্পতি ওই মহিলাদের জানায় যে তিনি এই মহিলারা যাতে আরও ভালো করে কাজ করতে পারেন তার জন্য ব্যাংক থেকে লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। তাদের কথা বিশ্বাস করে ছিল এলাকার মহিলারা। লোনের টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসেন ওই দম্পতি। তার পর মহিলারা ওই কাগজে সই করেন। কিছু দিন পরে তাদের কাছে ব্যাঙ্কে লোন পাওয়ার জন্য কিছু সিকিউরিটি মানি জমা রাখার জন্য বলেন। টাকা পাওয়ার আশায় সেই টাকাও এই দম্পতিকে দেয় ওই মহিলারা। হাজরা দম্পতি তাদের বলে যে লোনের টাকা অনুমোদন হয়ে গিয়েছে। লোন হিসেবে প্রায় দু কোটি টাকা পাওয়া যাবে।
মহিলাদের অভিযোগ প্রায় তিন মাস ধরে কোনও সন্ধান পাওয়া যায় নি ওই হাজরা দম্পতির। এদিকে ওই মহিলারা জানিয়েছেন যে তারা কোনও টাকা হাতে পান নি। কিন্তু ব্যাঙ্ক থেকে লোনের টাকা জমা দেওয়ার চিঠি পেয়েছেন। মহিলারা জানিয়েছেন যে তারা কোনও টাকা হাতে না পেলেও ব্যাংকে তাদের নামে লোন হয়ে গিয়েছে এবং মাসে মাসে পাঁচ হাজার টাকা করে জমা দিতে বলা হয়েছে ওই ব্যাঙ্কের পক্ষ থেকে।
এই রকম চিঠি পাওয়ার পর বিপাকে পড়েছেন ওই মহিলারা। টাকা না পেলেও কী ভাবে তাদের নামে হওয়া এই লোনের টাকা পরিশোধ করবেন তা বুঝতে পারছে না তারা। এই অবস্থায় এক মহিলা গত কয়েক দিন আগে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।
ওই হাজরা দম্পতি প্রায় দুই কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। সোমবার এই নিয়ে বিক্ষোভ দেখায় মহিলারা। বোলপুর থানাতে এই নিয়ে অভিযোগ জমা দিয়েছেন মহিলারা। পুলিশ জানায় যে ওই দম্পতির খোঁজ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications