Tokyo Olympics : লং জাম্পে ব্যর্থ শ্রীশঙ্কর, গল্ফে লড়ছেন ভারতের অনির্বাণ
Tokyo Olympics : লং জাম্পে ব্যর্থ হওয়া শ্রীশঙ্কর নিজের রেকর্ডের ধারেকাছেও নেই
টোকিও অলিম্পিকের লং জাম্পের হিট থেকেই বিদায় নিলেন মুরলী শ্রীশঙ্কর। বি গ্রুপের যোগ্যতা অর্জন পর্বে ১৩তম স্থান দখল করেছেন ভারতের জাতীয় রেকর্ড হোল্ডার। ৭.৬৯ মিটার অতিক্রম করতে তিনি সক্ষম হয়েছেন। কমলপ্রীত কৌরের দুর্দান্ত পারফরম্যান্সের দিন শ্রীশঙ্করের ব্যর্থতায় কিছুটা হলেও হতাশ দেশের ক্রীড়া প্রেমীরা। অন্যদিকে গল্ফের ব্যক্তিগত ইভেন্টে বেশ ভালই খেলছেন অনিবার্ণ।

টোকিও গেমসের লং জাম্পের গ্রুপ বি-র যোগ্যতা অর্জন পর্বে খেলতে নেমেছিলেন মুরলী শ্রীশঙ্কর। ১৫ প্রতিযোগীর এই লড়াইয়ে তিনি ১৩তম স্থান দখল করেছেন। দুই পর্বের হিট মিলিয়ে ২৫তম স্থানে প্রতিযোগিতা শেষ করেছেন মুরলী। যিনি এদিন নিজের গড়া জাতীয় রেকর্ডেরই ধারেকাছে পৌঁছতে পারেননি। আর সেটাই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের হতাশার প্রধান কারণ।
শনিবারের প্রথম প্রচেষ্টায় ৭.৫১ মিটারের দূরত্ব অতিক্রম করেন মুরলী। দ্বিতীয় প্রচেষ্টায় তাঁর পাফরম্যান্সের উন্নতি হয়। লং জাম্পে ৭.৬৯ মিটার দূরত্ব অতিক্রম করেন ভারতীয় অ্যাথলিট। তৃতীয় প্রচেষ্টায় শ্রীশঙ্করের কাছ থেকে আরও ভাল ফলাফল আশা করা হলেও তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। শেষ চেষ্টায় মাত্র ৭.৪৩ মিটার দূরত্ব অতিক্রম করেন ভারতীয় অ্যাথলিট।
শ্রীশঙ্করের রেকর্ড অন্য কাহিনি শোনায়। চলতি বছর পাতিয়ালায় অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়ান গ্রাঁ পি-র লং জাম্প ইভেন্টে ৮.২৬ মিটার অতিক্রম করেছিলেন মুরলী। যা এক জাতীয় রেকর্ড। ওই পারফরম্যান্সের মাধ্যমে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। টোকিও অলিম্পিকের হিটে ওই একই সময়ের আশাপাশে থাকতে পারলে মুরলী ফাইনালে পৌঁছতে পারতেন বলে মনে করেন দেশের ক্রীড়াপ্রেমীরা। সবশেষে এশিয়ার জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা মুরলীর পাশেই দাঁড়িয়েছে দেশ। কেরিয়ারের প্রথম অলিম্পিক থেকে হওয়া অভিজ্ঞতা আগামী দিনে তাঁর কাজে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ইতিমধ্যে মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন ভারতের কমলপ্রীত কৌর। একই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেই হারিয়ে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে দেশকে পদক দেওয়া সীমা পুনিয়া। অন্যদিকে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টের হিট থেকে ছিটকে গিয়েছেন ভারতের দ্যুতি চাঁদ। পুরুষদের ৪০০ মিটার হার্ডেলস এবং ৩ হাজার মিটার স্টিপেলচেজেও ব্যর্থ হয়েছেন ভারতীয় অ্যাথলিটরা।

অন্যদিকে গল্ফের ব্যক্তিগত ইভেন্টে বেশ ভালই পারফরম্যান্স করছেন ভারতের অনির্বাণ লাহিড়ি। তৃতীয় রাউন্ডের শুরুটা নড়বড়ে করেও থ্রি আন্ডার সিক্সটি এইট কার্ড হাসিল করে লড়াইয়ে ফিরে এসেছেন বাঙালি গল্ফার। এই রাউন্ড শেষে ২৮ নম্বর টাইতে অবস্থান করছেন অনির্বাণ।












Click it and Unblock the Notifications