করোনার আবহে অলিম্পিক ২০২১ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই নিল আইওসি
করোনার আবহে অলিম্পিক ২০২১ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই নিল আইওসি
করোনা ভাইরাসের আবহে জাপানে সুস্থ এবং সুরক্ষিতভাবে অলিম্পিক ২০২১ আয়োজনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত অবশেষে নেওয়া হল। ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওসি-র তরফে চূড়ান্তভাবে জানানো হয়েছে যে বিদেশি দর্শকদের ছাড়াই ইভেন্ট অনুষ্ঠিত হবে। অতিমারীর প্রভাব থেকে বাঁচতে তাদের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

অন্যদিকে কোভিড ১৯-এর প্রভাব থেকে বাঁচতে কোনও দর্শক ছাড়াই টোকিও অলিম্পিকের টর্চ রিলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওসি। ১২১ দিনের এই টর্চ রিলে আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে। ২৩ জুলাই তা ফুকোসিমায় শেষ হবে। যে সকল ক্রীড়াপ্রেমী রাস্তার ধারে দাঁড়িয়ে টর্চ রিলে দেখবেন, তাঁদের ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক দর্শককে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। সেই সঙ্গে সুরক্ষার স্বার্থে প্যারালিম্পিক্সও দর্শকশূন্য স্টেডিয়ামে হবে বলে জানানো হয়েছে।
জাপানের টোকিও-তে ২০২০ সালের ২৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে ইভেন্ট এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়। ঠিক হয় যে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু দ্য গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ। ৮ অগাস্ট পর্যন্ত চলবে ইভেন্ট। সেই মতো প্রস্তুতি প্রায় শেষ মুহুর্তে বলা চলে।
ইতিমধ্যে করোনা ভাইরাসের আবহে জাপানে অলিম্পিক বন্ধ করে দেওয়ার জন্য রব উঠেছে কিছু মহল থেকে। জাপানের নাগরিকরাই তাতে সামিল রয়েছেন বলে জানানো হয়েছে। তাতে আমল দিতে রাজি নয় জাপান সরকার, আইওসি ও ইভেন্টের আয়োজক কমিটি। উল্টে জোর কদমে কাজ চলছে বলে জানানো হয়েছে।
জাপানে এখনও পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। অতিমারীকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ।












Click it and Unblock the Notifications