অলিয়ঁ মাস্টার্সের সেমিফাইনালে হেরে ছিটকে গেলেন সাইনা, ফাইনালে ভারতীয় জুটি
অলিয়ঁ মাস্টার্সের সেমিফাইনালে হেরে ছিটকে গেলেন সাইনা, ফাইনালে ভারতীয় জুটি
আশা জাগিয়ে অলিয়ঁ মাস্টার্সের সেমিফাইনালে হেরে গেলেন সাইনা নেহওয়াল। শনিবার শেষ চারের মোকাবিলায় ডেনমার্কের প্রতিপক্ষের বিরুদ্ধে পর্যুদস্ত হয়েছেন ভারতীয় শাটলার। ইভেন্টের ডবলস ফাইনালে পৌঁছেছে ভারতীয় জুটি। কৃষ্ণ প্রসাদ গারাদা ও বিষ্ণু বর্ধনের প্রশংসায় দেশের ক্রীড়া মহল।

চোট পেয়ে অল ইংল্যান্ডে ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন সাইনা নেহওয়াল। ঐতিহ্যবাহী ওই টুর্নামেন্ট থেকে কোনও পদ আনতে পারেনি ভারত। সেই হতাশা অলিয়ঁ মাস্টার্সে মিটবে বলে আশা করেছিলেন দেশের ক্রীড়া প্রেমীরা। সেই মতো পারফরম্যান্স করে আশা জাগিয়েছিলেন সাইনা নেহওয়াল। ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে নিজের জন্য ফিরে আসার মঞ্চ তৈরি করেছিলেন অলিম্পিক থেকে ব্রোঞ্জ জেতা শাটলার।
সাইনা নেহওয়ালের সেই জয়যাত্রা শেষ হল অলিয়ঁ মাস্টার্সের সেমিফাইনালেই। ম্যাচের প্রথম গেম ১৭-২১ পয়েন্টে হেরে যান অলিম্পিক থেকে ভারতকে ব্রোঞ্জ এনে দেওয়া শাটলার। দ্বিতীয় গেমে প্রথম থেকেই ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালান সাইনা। তবু সেই গেমও ১৭-২১ পয়েন্টে হেরে যান নেহওয়াল। ডেনমার্কের লাইন ক্রিস্টোফেসেনের কাছে তিনি হার হজম করেছেন।
অলিয়ঁ মাস্টার্সের ডবলস বিভাগের ফাইনালে পৌঁছেছে ভারতের কৃষ্ণ প্রসাদ গারাদা ও বিষ্ণু বর্ধন জুটি। সেমিফাইনালে ইংল্যান্ডের কালাম হেমিং এবং স্টিভ স্টলউড জুটির বিরুদ্ধে তাঁরা খেলতে নেমেছিলেন। ৩৫ মিনিটের লড়াইয়ে প্রথম গেম ২১-১৭ পয়েন্টে জিতেছে ভারতীয় জুটি। দ্বিতীয় গেমও ২১-১৭ পয়েন্টে জিতেছে কৃষ্ণ প্রসাদ গারাদা ও বিষ্ণু বর্ধন জুটি।












Click it and Unblock the Notifications