টোকিওয় অলিম্পিক চলাকালীন করোনা আক্রান্ত অ্যাথলিটদের মানতে হবে কোন বিধি?
টোকিওয় অলিম্পিক চলার সময় করোনা আক্রান্ত অ্যাথলিটদের মানতে হবে কোন নিয়ম?
আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক। তার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গেমসের সঙ্গে সম্পর্কিত প্রায় ৭০ জন। প্রত্যেককে আইসোলেশনে পাঠানো হয়েছে। গেমস চলাকালীন কোনও অ্যাথলিটের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এলে তাঁকে কোন কোন বিধি মেনে চলতে হবে, তা জেনে নেওয়া যাক।

অ্যাথলিট করোনা আক্রান্ত হলে
টোকিও অলিম্পিকে নিজ ইভেন্ট শুরুর আগে বা মাঝখানে কোনও অ্যাথলিট করোনা ভাইরাসে আক্রান্ত হলে, তাঁকে নাম প্রত্যাহার করতে হবে। যদিও তিনি ওই ইভেন্ট থেকে পুরোপুরি বাতিল হবেন না। তাঁর নামের পাশে লেখা থাকবে 'ডিড নট স্টার্ট'। ওই অ্যাথলিটকে মাঝপথেই কোনও ইভেন্ট ছাড়তে হলে তাঁর প্রথম অংশের পারফরম্যান্স বিবেচনা করা হবে। করোনা আক্রান্ত অ্যাথলিটের ফেলে যাওয়া জায়গা পূরণ করতে পারবেন অন্য কেউ। দলগত ইভেন্টের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। করোনা আক্রান্ত অ্যাথলিটদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতমূলক।

অ্যাথলেটিক্স
অ্যাথলেটিক্সের ক্ষেত্রে টোকিও চলাকালীন কোনও প্রতিযোগী করোনা ভাইরাসে আক্রান্ত হলে, পরের রাউন্ডে তাঁর জায়গা নিতে পারবে ঠিক নিচের অ্যাথলিট। তবে ফাইনালের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হবে।

ব্যাডমিন্টন ও কুস্তি
টোকিও অলিম্পিক চলাকালীন কোনও শাটলার করোনা ভাইরাসের কারণে প্রতিযোগিতায় অংশ নিতে না পারলে প্রতিপক্ষ ওয়াক ওভার পেয়ে যাবেন। কুস্তির ক্ষেত্রেও ব্যাডমিন্টনের মতো নিয়ম প্রয়োগ করা হবে। কেবল ফাইনালের ক্ষেত্রে কোনও শাটলার অনুপস্থিত হলে, হেরে যাওয়া সেমিফাইনালিস্টকে সুযোগ দেওয়া হবে।

টেনিস ও বক্সিং
টোকিও অলিম্পিকের টেনিস এবং বক্সিং বিভাগের ক্ষেত্রে নিয়মে খানিকটা বদল আনা হয়েছে। ফাইনাল ছাড়া অন্য যে কোনও রাউন্ড চলার সময় কোনও প্রতিযোগী করোনা ভাইরাসে আক্রান্ত হলে প্রতিপক্ষ পরের রাউন্ডে ওয়াক ওভার পেয়ে উঠবে। ইভেন্টের কোনও ফাইনালিস্টের কোভিড ১৯ টেস্ট পজিটিভ তাঁকে রূপোর পদক দেওয়া হবে। সোনা পাবেন প্রতিপক্ষ।

দলগত ইভেন্ট
ফুটবল, রাগবি, হকির মতো দলগত ক্রীড়া ইভেন্টের নিয়মও অনেকটা ব্যাডমিন্টন এবং কুস্তিরই মতো। ফাইনাল ছাড়া অন্যান্য রাউন্ডে কোনও দল অংশ নিতে পারলে প্র্রতিপক্ষ দলকে পরের রাউন্ডে ওয়াক ওভার দেওয়া হবে। কোনও ফাইনালিস্ট দল করোনার প্রভাবে অনুপস্থিত হলে তারা সেমিফাইনালে যে শিবিরকে হারিয়েছিল, তাদের ফাইনালে খেলার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরাজিত সেমিফাইনালিস্টকে ব্রোঞ্জ পদক দেওয়া হবে।












Click it and Unblock the Notifications