শেষ রক্ষা হল না, নিখাদের মতোই আশা জাগিয়ে ব্রোঞ্জেই থমকে গেল গৌরবের দৌড়ও
শেষ রক্ষা হল না, আশা জাগিয়ে ব্রোঞ্জেই থমকে গেল নিখাদ-গৌরবের দৌড়
বিশ চ্যাম্পিয়নকে হারানো নিখাদ জারিনের দৌড় থামল সেমিফাইনালে। ইস্তানবুলে চলতে থাকা বসফরাস বক্সিং টুর্নামেন্টের শেষ চারের লড়াইয়ে হারের মুখ দেখতে হয়েছে ভারতের মহিলা বক্সারকে। ইভেন্টের পুরুষদের বিভাগের সেমিফাইনালে হেরে গিয়েছেন ভারতের গৌরব সোলাঙ্কি। দুই তারকাকেই ব্রোঞ্জ নিয়ে খুশি থাকতে হচ্ছে।

বসফরাস টুর্নামেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন তথা রাশিয়ার বক্সার পাল্টসেভা কাটেরিনাকে হারিয়ে সাড়া জাগিয়েছিলেন নিখাদ জারিন। ৫-০ পয়েন্টে ম্যাচ জেতা ভারতীয় বক্সার ইভেন্টের ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে কাজাখিস্তানের নাজয়াম কিজাইবের বিরুদ্ধেও সহজ জয় পেয়েছিলেন। ৫-০ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিলেন জারিন। কিন্তু সেমিফাইনালে আটকে যেতে হল নিখাদকে।
২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপোজয়ী তুরস্কের বুসেনাজ কাকিরোগ্লু-র বিরুদ্ধে বসফরাস ওপেনের সেমিফাইনাল খেলতে নেমেছিলেন নিখাত জারিন। মোকাবিলার শুরু থেকেই ভারতীয় বক্সারকে ব্যাকফুটে ঠেলে দেন তুরস্কের তারকা। শেষে ০-৫ পয়েন্টে ম্যাচ হারতে হয় নিখাতকে। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে ব্রোঞ্জ পদক নিয়েই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় বক্সারকে।
অন্যদিকে কমনওয়েলথ গেমস থেকে ভারতকে সোনা এনে দেওয়া গৌরব সোলাঙ্কি, বসফরাস টুনামেন্টের পুরুষ বিভাগের ৫৭ কেজি ইভেন্টের সেমিফাইনালে আর্জেন্টিনার নিরকো কুয়েলোর বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিলেন। প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ভারতীয় বক্সার। অর্জন করতে পারেননি কোনও পয়েন্ট। পরিশেষে ০-৫ পয়েন্টে ম্যাচ হেরে ব্রোঞ্জ পদক নিয়েই দেশে ফিরতে হচ্ছে গৌরবকে।
এর আগে ইস্তানবুলে চলতে থাকা বসফরাস ওপেনের কোয়ার্টার ফাইনালেই হেরে বিদায় নেন ভারতের ৫৭ কেজি বিভাগের মহিলা বক্সার সনিয়া লাথের। প্রতিযোগিতার ৬০ কেজি বিভাগের শেষ আটের লড়াইয়ে হেরে গিয়েছেন ভারতের প্রবীণ। ৬৯ কেজি বিভাগে হেরে গিয়েছেন ভারতীয় বক্সার জ্যোতিও। বসফরাস ওপেনের ৬৩ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন ভারতের আশা শিবা থাপাও।












Click it and Unblock the Notifications