Wrestling: ভারতের কুস্তি ফেডারশনে ফিরল স্বস্তি, অ্যাড হক কমিটি ভেঙে দিয়ে কোন শর্ত চাপাল আইওএ?
Wrestling: ভারতের কুস্তি ফেডারেশনে ফিরল স্বস্তি। প্রশাসনিক নিয়ন্ত্রণ এবার ফিরে পেলেন ফেডারেশনের পদাধিকারীরা। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কুস্তি সংস্থার অ্যাড হক কমিটি তুলে দিল।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ বলে জানিয়েছে আইওএ। তবে কয়েকটি শর্ত মানার কথাও ফেডারেশনকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

ভারতের কুস্তি ফেডারেশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন হয়েছিল বলে অভিযোগ ওঠে। সভাপতি হন ব্রিজ ভূষণ শরণ সিং-ঘনিষ্ঠ সঞ্জয় ঝা। প্রশ্ন উঠেছিল অন্য পদাধিকারীদের নিয়েও। এরপর ফেডারেশনের কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক।
ভারতের কুস্তি ফেডারেশনের উপর জারি হয়েছিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের নিষেধাজ্ঞাও। কুস্তিগীরদের স্বার্থে দিল্লি হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ফেডারেশনের কাজকর্ম পরিচালনার জন্য গত ২৩ ডিসেম্বর অ্যাড হক কমিটি গড়ে দিয়েছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।
গত মাসেই ভারতীয় কুস্তি ফেডারেশনের উপর থেকে বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ভূপিন্দর সিং বাজওয়ার নেতৃত্বাধীন অ্যাড হক কমিটি সফলভাবেই ট্রায়াল আয়োজন করে এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার ও এশিয়ান চ্যাম্পিয়নশিপের দল গঠনের বন্দোবস্ত করেছে।
ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া- দুই প্রতিবাদী কুস্তিগীরও ট্রায়ালে অংশ নিয়েছিলেন। ভিনেশ ৫০ কেজি বিভাগে অলিম্পিক কোয়ালিফায়ারে অংশ নেওয়ার ছাড়পত্র আদায় করেছেন। এই পরিস্থিতিতে আইওএ মনে করছে, আর অ্যাড হক কমিটির দরকার নেই। ভারতীয় কুস্তি ফেডারেশনের পদাধিকারীরাই প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন।
যদিও UWW-র নির্দেশ অক্ষরে অক্ষরে মানতেও বলা হয়েছে ভারতের কুস্তি ফেডারেশনকে। যার অন্যতম ধাপ সেফগার্ডিং কমিটি ও তার অফিসার নিয়োগ। যৌন হেনস্থা-সহ নানাবিধ বিষয়ে যেখানে অভিযোগ জানাতে পারবেন কুস্তিগীররা। কোনও নিয়ম অগ্রাহ্য করা হলে সে সমস্ত বিষয়েও অভিযোগ জানানো যাবে।
এর পাশাপাশি UWW নির্ধারিত সময়ের মধ্যেই অ্যাথলিটস কমিশন সংক্রান্ত নির্বাচনও সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশনকে। এর ফলে ফেডারেশনে অ্যাথলিটদের প্রতিনিধিত্ব থাকবে। ফেডারেশনের কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাঁরা নিজেদের মতামত জানিয়ে এর অংশ হতে পারবেন।












Click it and Unblock the Notifications