টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের প্রবেশ নিয়ে কী সিদ্ধান্ত?
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের প্রবেশ নিয়ে কী সিদ্ধান্ত?
করোনা ভাইরাসের আবহে টোকিওয় অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করতে চলেছে জাপান প্রশাসন। এক রিপোর্টে দাবি করা হয়েছে, কেবল ভিআইপি এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে হবে অনুষ্ঠান। সেক্ষেত্রে ১০ হাজার দর্শকের যে কোটা ধরা হয়েছিল, সেখান থেকে প্রশাসন সরে আসতে চাইছে বলেও খবর।

দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা
জাপানের এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, প্রথমে ঠিক হয়েছিল যে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে স্টেডিয়ামে ১০ হাজার মানুষ উপস্থিত থাকবেন। করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় জাপান প্রশাসন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানানো হয়েছে। কেবল গেমসের স্পনসরারদের অতিথি এবং আমন্ত্রিতরা ছাড়া মাঠে অন্য কোনও দর্শককে ঢুকতে দেওয়া হবে না বলে ওই সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে। যারা জাপানের বিভিন্ন সরকারি সূত্র থেকে এই খবর পেয়েছে বলে দাবি। যদিও ইন্টারন্যাশনালল অলিম্পিক কমিটি কিংবা গেমস আয়োজক কমিটির তরফে এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানানো হয়নি। আগামী বৃহস্পতিবার এই ইস্যুতে আইওসি ও গেমসের উদ্যোক্তরা জাপান সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বলেও খবর।

গেমস চলাকালীন বিদেশি দর্শকে না
করোনা ভাইরাসের আবহে অলিম্পিক চলাকালীন টোকিওয় বিদেশি দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জাপান সরকার ও উদ্যোক্তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কেবল স্থানীয় দর্শকরাই স্টেডিয়ামে বসে গেমসের বিভিন্ন ইভেন্ট চাক্ষুস করতে পারবেন। প্রতি স্টেডিয়ামে প্রতিদিনের বিভিন্ন ইভেন্টে দর্শক সংখ্যা ১০ হাজার কিংবা ৫০ শতাংশে আটকে দেওয়া হয়েছে।

ভারতের পতাকা বহনের দায়িত্ব
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের হয়ে পতাকা হাত আগে হাঁটবেন ছয় বারের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। সঙ্গী হিসেবে ভারতীয় হকি দলের অধিনয়াক মনপ্রীত সিংকে পাবেন পদ্মবিভূষণ। ২০১২ সাল থেকে অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা অর্জুন পুরস্কারজয়ী এই তারকা ২০১৪ ও ২০১৮ সালের এশিয়ান গেমসে যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ জিতেছেন। টোকিও গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা হাতে হাঁটতে দেখা যাবে কুস্তিগীর বজরং পুনিয়াকে।

টোকিও অলিম্পিক
করোনা ভাইরাসের আবহে আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। টোকিওয় ৮ অগাস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিট বিভিন্ন ইভেন্টে অংশ নিতে চলেছেন। তাঁদের এবার ভারতীয়দের পদক জয়ের আশা উজ্জ্বল বলে মনে করা হচ্ছে। সোমবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, টোকিও গেমসে অংশ নিতে চলেছেন দেশের ১২৬ জন অ্যাথলিট। তাঁদের সঙ্গে ৭৫ জন সাপোর্ট স্টাফও যাচ্ছেন বলে জানানো হয়েছে। সবমিলিয়ে ভারত থেকে মোট ২০১ জন টোকিওগামী বিমান ধরতে চলেছেন। আগামী অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও ৪৪ শতাংশ মহিলা বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications