D Gukesh: দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় গুকেশকে দিতে হবে বিপুল কর! ধোনির আইপিএল বেতনের চেয়েও বেশি
D Gukesh: দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আজই দেশে ফিরলেন দোম্মারাজু গুকেশ। সিঙ্গাপুরে চিনের ডিং লিরেনকে চতুর্দশ গেমে কিস্তিমাত করে খেতাব জেতেন তিনি।
বিশ্বনাথন আনন্দের পর ডি গুকেশই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন দাবায়। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে। ভাঙলেন গ্যারি কাসপারভের রেকর্ড।

ডি গুকেশের বয়স ১৮। এই বয়সেই তিনি হলেন বিশ্ব দাবায় অষ্টাদশ চ্যাম্পিয়ন। সে কারণে আজ বিমানবন্দর থেকে গুকেশকে বাড়িতে পৌঁছে দিতে যে বিশেষ গাড়ির বন্দোবস্ত করা হয়েছিল তাতে লেখা ছিল এইট্টিন অ্যাট এইট্টিন!
দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় গুকেশ ভারতীয় মুদ্রায় ১১.৩৪ কোটি টাকা জিতেছেন প্রাইজমানি হিসেবে। হিসেব কষে দেখা যাচ্ছে, এ জন্য তাঁকে কর দিতে হবে ৪.৬৭ কোটি টাকার। উল্লেখ্য, আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে চার কোটি টাকায় রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস।
ফলে গুকেশ যে পরিমাণ কর দেবেন তা ধোনির বর্তমান আইপিএল স্যালারির চেয়েও বেশি। গুকেশের আইডলদের তালিকায় ধোনিও রয়েছেন।
গুকেশ ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর দাবা খেলার কারণ একেবারেই অর্থ উপার্জন নয়।
তাঁর কথায়, এই অর্থ আমার কাছে অনেক। যখন দাবায় আসি তখন গোটা পরিবারকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। অর্থনৈতিক ও আবেগ সংক্রান্ত প্রতিবন্ধকতা জয় করতে হয়েছে বাবা-মাকে। এখন এটা ভেবেই ভালো লাগছে বাবা-মাকে অনেক কিছু থেকে চিন্তামুক্ত করতে পারলাম।
উল্লেখ্য, ভারতে বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয় হলে তার ৩০ শতাংশ কর হিসেবে ধার্য হয়। ৫ কোটি টাকার বেশি আয়ে যোগ হয় অতিরিক্ত ৩৭ শতাংশ সারচার্জ। সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা লেভি বাবদ আরও ৪ শতাংশ। যার ফলে করের পরিমাণ বেড়ে হয় ৪২ শতাংশ।
গুকেশ বিশ্ব দাবায় তিনটি গেম জিতেছেন। তাতে তিনি পেয়েছেন ৫.০৪ কোটি টাকা। মোট প্রাইজমানি ছিল ২১ কোটি টাকার। গুকেশ ও লিরেনের জয়ের জন্য প্রাপ্ত অর্থ বাদে বাকিটা সমভাবে বণ্টন করা হয়েছে দুই গ্র্যান্ডমাস্টারের মধ্যে।












Click it and Unblock the Notifications