টোকিও অলিম্পিকে করোনার চোখরাঙানি, উদ্বোধনে সুতীর্থা-প্রণতি-সহ ২০ ভারতীয় অ্যাথলিট
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিনই চোখ রাঙাচ্ছে করোনা। টোকিওতে করোনায় দৈনন্দিন আক্রান্তের সংখ্যা আজ বেড়ে গত ৬ মাসের মধ্যে সর্বাধিক জায়গায় পৌঁছেছে। আজ ১,৯৭৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন জরুরি অবস্থা জারি থাকা টোকিওতে। চেক প্রজাতন্ত্রের এক ভলিবল খেলোয়াড়েরও করোনা ধরা পড়েছে। এই পরিস্থিতিতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মাত্র ২০ জন অ্যাথলিটই হাজির থাকবেন।

টোকিওর মার্চ পাস্টে ভারত
টোকিও অলিম্পিকে মার্চ পাস্টে ভারত রয়েছে ২১তম স্থানে। দেশের পতাকা বহন করবেন বক্সার মেরি কম ও পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। মনপ্রীত সিং ছাড়া ভারতের আর কেউ মার্চ পাস্টে অংশ নেবেন না পরের দিনই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ থাকায়। মাত্র ২০ জন অ্যাথলিট ও ৬ আধিকারিক ভারতের তরফে হাজির থাকবেন টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। শুটিং, ব্যাডমিন্টন, তিরন্দাজি ও হকিতে শনিবার ভারতের গুরুত্বপূর্ণ ইভেন্ট থাকায় কেউ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না।

থাকবেন সুতীর্থা-প্রণতি
মণিকা বাত্রা, শরথ কমল, জি সাথিয়ান ও সুতীর্থা মুখোপাধ্যায়- এই চার টেবিল টেনিস খেলোয়াড় অলিম্পিকের মার্চ পাস্টে থাকবেন। থাকবেন আরেক বাঙালি, দেশের একমাত্র জিমন্যাস্ট প্রণতি নায়েক। ফেন্সার ভবানী দেবী, সাঁতারু সজন প্রকাশের পাশাপাশি লাভলিনা বরগোঁহাই, অমিত পাঙ্ঘল-সহ আটজন বক্সার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। তিরন্দাজি, জুডো, ব্যাডমিন্টন, ভারোত্তোলন, টেনিস, হকি ও শুটিংয়ের কেউ থাকছেন না পরের দিন ইভেন্ট বা অনুশীলন থাকায়। জাপানের অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী ভারত মার্চ পাস্টে রয়েছে ২১তম স্থানে। যে ছয় আধিকারিক মার্চ পাস্টে থাকবেন তাঁরা হলেন শেফ দ্য মিশন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। ডেপুটি শেফ দ্য মিশন প্রেম ভার্মা, টিমের চিকিৎসক ডা. অরুণ বাসিল ম্যাথু, টেবিল টেনিস দলের ম্যানেজার এমপি সিং, বক্সিং কোচ মহম্মদ আলি কামার ও জিমন্যাস্টিক্স কোচ লক্ষ্মণ শর্মা।
|
প্রথম দিনে ভারত
টোকিওতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান জাপানের স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ। ভারতে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিকেল সাড়ে ৪টে থেকে দূরদর্শনে। তার আগে ভোরে অলিম্পিক অভিযান শুরু হয়ে যাবে ভারতের। ভোর সাড়ে ৫টায় তিরন্দাজির ব্যক্তিগত ব্যৃাঙ্কিং রাউন্ডে নামবেন দীপিকা কুমারী। পুরুষদের ব্যক্তিগত ব্যৃাঙ্কিং রাউন্ডে ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় অংশ নেবেন অতনু দাস, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব।












Click it and Unblock the Notifications