টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ফের একবার অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন থাকার পরামর্শ মমতা-অভিষেকের
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার বার্তা দিলেন। তিনি দলের নবীন সহকর্মীদের উদ্দেশে বলেন, “আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। যে কোনও লড়াইয়ে আমাকে সবসময় পাশে পাবে।” এদিন মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে টিএমসিপি-র প্রতিষ্ঠা বার্ষিকী সভা অনুষ্ঠিত হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নতুন ও পুরনো সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর লেখায় উঠে এসেছে, “তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।” তিনি আরও উল্লেখ করেন যে টিএমসিপি তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অংশ এবং বাংলার উন্নতি ও শক্তিশালী করার লড়াইয়ে তাদের অবদান অনস্বীকার্য।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রতিষ্ঠা দিবসে যুব সমাজের প্রতি বার্তা দিয়েছেন। তিনি যুবদের নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। অভিষেক উল্লেখ করেন, “টিএমসিপি তরুণদের তাঁদের কণ্ঠস্বর উত্থাপন করতে, উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম। সামাজিক ন্যায়বিচারের দাবিতে বাংলার যুবসমাজের স্থায়ী ভূমিকা রয়েছে।”
অভিষেক প্রত্যেক সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে নতুন সংকল্প ও নিষ্ঠার সাথে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। সামনের বছর রাজ্যে ভোট রয়েছে। তার আগে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে শীর্ষ নেতৃত্বের তরফে ফের যুবসমাজকে দলের তরফে বার্তা দেওয়া হল।












Click it and Unblock the Notifications