হামিদুল ইসলামের তীব্র সমালোচনা! জয়ন্ত সিংয়ের সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায়কে পাল্টা নিশানা মদন মিত্রের
চোপড়া থেকে কামারহাটি, যেসব ঘটনা ঘটেছে, তা দুঃখজনক বলে মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন,যে কোনও মূল্যে এইসব ঘটনার সঙ্গে যুক্তদের ধরতে হবে। পাশাপাশি তিনি বলেন, সকালে ধরা আর বিকেলে বেল পাওয়ার ঘটনা বন্ধ করতে হবে। এই ধরনের ঘটনা বন্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
মদন মিত্র চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল ইসলামের মন্তব্যেরও সমালোচনা করেন। প্রসঙ্গত নিজের অনুগামী তাজিমুল ইসলাম ওরফে জেসিবির অপরাধ ঢাকতে বিতর্কিত মন্তব্য করেছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে মারধরের ঘটনাকে হাল্কা করতে গিয়ে ইসলামিক রাষ্ট্র সম্পর্কিত মন্তব্যও করে বসেন। যার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক তাঁকে শুনতে হয়েছে।

মদন মিত্র এদিন দলীয় বিধায়ক হামিদুল ইসলামের সমালোচনা করতে গিয়ে রাজ্যের পুলিশেরও সমালোচনা করেন। তিনি বলেন, পুলিশ মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বুঝতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যেতে পারেন, সেই ধারনা পুলিশের নেই, বলে তিনি।
মদন মিত্র বলেন, হয়তো এমন দিন আসতে পারে, সমাজ বিরোধীদের আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারেন। কামারহাটির জয়ন্ত সিংয়ের সঙ্গে তাঁর ছবি প্রসঙ্গ মদন মিত্র বলেন, কানে কানে কথা বলার যে ছবি প্রকাশিত হয়েছে, তা সত্যি। তিনি সেদিন জয়ন্তকে সতর্ক হতে বলেছিলেন বলেও দাবি করেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী।
তিনি সমাজবিরোধীদের নিয়ে ঘোরেন, দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই মন্তব্য প্রসঙ্গে মদন মিত্র বলেন, সৌগত রায়ের বয়স প্রায় ৮০ বছর। তাঁর মতো বয়সের একজনকে তো অসম্মান করা যায় না, বলেছেন মদন মিত্র।
মদন মিত্র বলেন, সৌগত রায়ের সঙ্গেও তো জয়ন্ত সিংয়ের মতো লোকেদের ছবি রয়েছে। তাহলে সেটা কি আলিঙ্গন? নাকি সৌগত রায় বুঝতে পারেননি? উনি যদি বুঝতে না পারেন, তাহলে তিনিও বুঝতে পারেননি, বলেছেন মদন মিত্র। গণপিটুনি সম্পর্কে মদন মিত্র বলেন, এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে।












Click it and Unblock the Notifications