কলকাতা হাইকোর্টের সামনে কেন গায়ে আগুন দিলেন মহিলা? তদন্তে কী জানতে পারল পুলিশ
রাজ্য রাজনীতিতে এসআইআর (SIR) ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে। এরই মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় এদিন কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) চত্বরে একজন মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার সকালের দিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার খবর পেয়ে পুলিশের শীর্ষ আধিকারিকেরা ছুটে আসেন। পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরে কৌতূহলী জনতার ভিড় জমে যায়। এলাকার পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

নির্বাচন কমিশন যেকোনও সময় রাজ্যে এসআইআর (SIR) নির্দেশিকা জারি করতে পারে বলে বাংলা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিন মহিলার নাম সমবায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আকস্মিকভাবে নাম বাদ পড়ায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তারপরই এদিন সকালে ওই তিন মহিলা হাইকোর্টের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ চলাকালীনই এক মহিলা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত পুলিশ কর্মীরা দ্রুত তাঁকে ধরে ফেলায় বড়সড় অঘটন ঘটেনি।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পিছনে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এসআইআর হলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে এমন আশঙ্কায় এই প্রতিবাদ করেছেন মহিলারা। তবে আসল কারণ পুলিশ যাচাই করে দেখছে।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়ার বাসিন্দা ওই দুই মহিলা আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির সক্রিয় সদস্য। তাঁদের অভিযোগ, ২০১৭ সালে এই সমবায় গঠিত হয় এবং ২০২৫ সালে কো-অপারেটিভের ভোট হওয়ার কথা। সেই ভোটেই তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
অভিযোগ, নাম বাদ পড়ার পর মহিলারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও, সমবায় সমিতি সেই নির্দেশ মানেনি। এছাড়াও কো-অপারেটিভের বিরুদ্ধে টাকা না ফেরানোর অভিযোগও করেছেন মহিলারা। এই প্রতিবাদেই তাঁরা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। পুলিশ বর্তমানে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে।












Click it and Unblock the Notifications