ছবি তুলছেন মা দুর্গা, তাই হাতিবাগান সর্বজনীনে মানুষের ঢল
মা দুর্গার সামনে করজোরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করলেই উঠে যাচ্ছে ছবি। মা নিজেই নাকি করছেন এসব কারসাজি। সে খবর পাওয়ামাত্র হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে ভিড় উপচে পড়েছে।
মা দুর্গার সামনে করজোরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করলেই উঠে যাচ্ছে ছবি। মা নিজেই নাকি করছেন এসব কারসাজি। সে খবর পাওয়ামাত্র হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে ভিড় উপচে পড়েছে। তিল ধারণের জায়গা নেই বললেই চলে। তা দেখে গদগদ উদ্যোক্তারা।

পুজোর থিম
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়া হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পুজো ভাবনা, চালের পাঁচালি। চালচিত্রের আকারে তৈরি করা মণ্ডপে রাজবাড়ির আদল দেওয়া হয়েছে। ভিতরে চোখ ধাঁধানো আলোকসজ্জা ও নানা ধরনের সূক্ষ্ম কাজ দর্শনার্থীদের মুগ্ধ করছে।

শিল্পীর ভাবনা
৮৫তম বর্ষে হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম শিল্পী সঞ্জীব সাহার কথায়, শুধু দর্শক টানা ও পুরস্কার জেতাই বড় কথা নয়। মানুষের মনে মণ্ডপ সম্পর্কে চিরন্তন ভাবনার বিস্তার ঘটানোই তাঁদের লক্ষ্য।

ছবি তুলছেন মা দুর্গা
উদ্যোক্তাদের কথায়, বর্তমান সময়ে দর্শনার্থীরা দেবী দিকে পিছন ঘুরে সেলফি তোলে। সেই অভ্যাস বন্ধ করতে হাতিবাগান সর্বজনীনের ভাবনা, এবার দেবী দুর্গা নিজেই ছবি তুলবেন দর্শনার্থীদের। তা বলে অলৌকিক কিছু নয়, বেঙ্গালুরুর এক সংস্থা তৈরি করেছে বিশেষ অ্যাপ। মা দুর্গার সামনে করজোরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করলেই তাতে ছবি উঠে যাচ্ছে অবিকল। তা মণ্ডপের এক স্ক্রিণে ফুটে উঠছে। সেই ছবি স্ক্যান করলেই মোবাইলে চলে আসছে। সেই নতুন পদ্ধতি নিয়ে মানুষের আগ্রহ চোখে পড়ার মতো বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।












Click it and Unblock the Notifications