সুস্থ হয়ে কাজে যোগ দিলেন বউবাজার থানার ওসি
করোনা মোকাবিলায় একসময় সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন তিনি। তবে তারই মাঝে আচমকাই শরীরে থাবা বসায় ভাইরাস। গত দু সপ্তাহ পর করোনা লড়াইয়ে জিতে আবারও কাজে ফিরলেন বউবাজার থানার ওসি। থানায় পা রাখামাত্রই সহকর্মীরা বরণ করে নেন তাঁকে। পুষ্পবৃষ্টিরও আয়োজন করেন। দেওয়া হয় হাততালি। উষ্ণ অভ্যর্থনাই আবারও তাঁকে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছে।

করোনা ভয়াবহ আকার নেওয়ার আগে থেকেই মারণ ভাইরাসকে রোখার প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার। শুরু হয়েছিল লকডাউন। সেই সময় থেকে একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছিলেন পুলিশরা। সেই তালিকাতেই ছিলেন বউবাজার থানার ওসি সিদ্ধার্থ চক্রবর্তী। কখনও দুস্থদের হাতে পৌঁছে দিয়েছেন খাবার তো আবার কখনও রাস্তায় নেমে লকডাউন সম্পর্কে বুঝিয়েছেন সাধারণ মানুষকে। করোনা আবহে বেড়েছিল কাজের চাপও। কর্মব্যস্ততায় বেশ কয়েকদিন বাড়িও ফিরতে পারেননি তিনি।
করোনা যুদ্ধে জিতে তার কাজে যোগ দেওয়াকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। মঙ্গলবার টুইট করে সিদ্ধার্থ বাবুকে সাদর অভ্যর্থনা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, কোভিড -১৯ থেকে সুস্থ হয়ে আবার চাকরিতে যোগ দেওয়ায় বউবাজারের ওসি, ইন্সপেক্টর সিদ্ধার্থ চক্রবর্তীকে আমার স্বাগত। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমার পুলিশ সদস্যদের সেবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে কোনও শব্দই যথেষ্ট নয়।'












Click it and Unblock the Notifications