দুর্নীতি ইস্যুতে বিধানসভায় ফের বিক্ষোভ বিরোধীদের, ওয়াকআউট শুভেন্দুদের
তুমুল হই হট্টগোল রাজ্য বিধানসভায়। অধিবেশন শুরুর পরেই বিক্ষোভ, উত্তেজনা। রাজ্য সরকারের বিরুদ্ধে ফের দুর্নীতি ইস্যুতে সরব বিজেপি৷ বিধানসভা ওয়াকআউট শুভেন্দু অধিকারীদের। আগামী কাল ধর্মতলায় মেগা সভা বঙ্গ বিজেপির। তার আগে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়ানো হল।
এদিন বিধানসভা অধিবেশনের শুরুতেই ফের গোলযোগ। দুর্নীতি ইস্যুতে রীতিমতো আক্রমণাত্মক বিজেপি বিধায়করা। রাজ্যে একাধিক দুর্নীতির মামলা চলছে। মন্ত্রী বিধায়করা জেলে রয়েছেন। সেই বিষয়কে আবার বিধানসভায় হাতিয়ার করে তুললেন শুভেন্দু অধিকারীরা।

মঙ্গলবার নির্ধারিত সময় শুরু হয়ে যায়। বিধানসভার অধিবেশন শুরু থেকেই বিজেপি বিধায়করা আক্রমণাত্মক হয়ে ওঠেন। স্লোগান দেওয়া শুরু হয় বিধানসভার ভেতর। দুর্নীতি ইস্যুতে সরব হন বিজেপি বিধায়করা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে বক্তব্য পেশ করা হয়। আলোচনা করার দাবি ওঠে।
এদিকে শাসক শিবির থেকেও শুরু হয়ে যায় হই হট্টগোল। রীতিমতো উত্তেজিত পরিবেশ তৈরি হয় বিধানসভার অন্তরে। একাধিক লেখা প্ল্যাকার্ড বিজেপি বিধায়করা নিয়ে হাজির হয়েছিলেন এদিন। বিধানসভার মধ্যেই সেই প্ল্যাকার্ড দেখানো শুরু হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মেনে নেননি।
শেষ পর্যন্ত বিজেপি বিধায়করা সভা ওয়াকআউট করেন। বিধানসভার বাইরে সিঁড়িতে শুরু হয় বিক্ষোভ। স্লোগান দেওয়া হয়। বিধায়কদের হাতে একাধিক প্ল্যাকার্ডে লেখা রয়েছে, 'একশো দিনের টাকা চোর তৃণমূল', 'চাকরি চোরের সরকার আর নেই দরকার', 'পার্থ চোর, বালু চোর তৃণমূলের সবাই চোর'। ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বিধানসভায়।
শিক্ষা দুর্নীতি থেকে রেশন বন্টন দুর্নীতি। বিভিন্ন দুর্নীতি ইস্যুকে সামনে রাখা হয়েছে। দুর্নীতি প্রসঙ্গে বিধানসভায় কোনও আলোচনা হয় না। সরকার পক্ষের পক্ষ থেকে কোনওরকম কথা শোনা যায় না। আরও একবার এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীরা। এই বক্তব্যের পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার কথায়, সবাই সব কিছু দেখছে। বিজেপি যে আচরণ করছে তা সাংবিধানিক নয়।
আগামী কাল কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মতলায় তিনি সভা করবেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার ওই সভা থেকেই শুরু করে দেবে বিজেপি। এমন মনে করা হচ্ছে। দুর্নীতি ইস্যুতে রাজ্যের প্রধান বিরোধী দল আরও আন্দোলনের ঝাঁঝ বাড়াবে। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে হবে আন্দোলন। সেই ইস্যুতেই বিধানসভায় আরও সোচ্চার হলেন শুভেন্দু অধিকারীরা। দুর্নীতি ইস্যুতে আরও কড়া আক্রমণ শানাতে শুরু করলেন বিজেপি বিধায়করা।












Click it and Unblock the Notifications