কলকাতায় মিলল ব্রিটেনের করোনা স্ট্রেন, লন্ডন ফেরত যুবক ভর্তি কলকাতা মেডিকেলে
কলকাতায় মিলল ব্রিটেনের করোনা স্ট্রেন, লন্ডন ফেরত যুবক ভর্তি কলকাতা মেডিকেলে
করোনা ভাইরাসের নয়া স্ট্রেনের হদিশ মিলল কলকাতায়। লন্ডন ফেরত এক যুবকের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। কলকাতা মেডিকেল কলেজে আইসোলেশনে রয়েছেন তিনি। বর্ষবরণের আগেই কলকাতায় ব্রিটেনের স্ট্রেনের হদিশ মেলায় উদ্বেগ বেড়েছে। যদিও বর্ষবরণের উৎসবে রাশ টানার কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখনও পর্যন্ত দেশে ২০ জনের শরীরে ব্রিটেনের করোনা ভাইরাসের স্ট্রেনের হদিশ মিলেছে।

গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল। লন্ডন ফেরত দুই যাত্রীর শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছিল। একজনকে রাখা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আর দ্বিতীয় জন ভর্তি ছিলেন রাজারহাটে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে। মহিলার দ্বিতীয়বার করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু যুবকের দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ আসে। তাতেই জানা যায় ব্রিটেনের নয়া স্ট্রেন রয়েছে যুবকের শরীরে।
বর্ষবরণের আগেই শহরে ব্রিটেনের নয়া করোনা স্ট্রেনের হদিশ মেলায় উদ্বেগ বেড়েছে। এদিকে শহরে বর্ষবরণের ভিড় বাড়ছে রাস্তায়। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে কলকাতা হাইকোর্ট আগেই বর্ষবরণের উৎসবে রাশ টানার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী পথে নামছে পুলিস ও প্রশাসন। সামাজিক দূরত্ব বিধি মেনে এবং করোনা গাইডলাইন মেনেই রাজ্যবাসীকে উৎসবের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে দেশে এখনও ব্রিটেন ফেরত ২০ জনের শরীরে করোনা ভাইরাসের স্টেন মিলেছে। এই নিয়ে গোটা দেশেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে গোটা দেশে। তৎপর হয়েছে একাধিক রাজ্য। তার সঙ্গে চলছে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতিও। চার রাজ্যে ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন প্রদানের ড্রাই রান শুরু হয়ে গিয়েছে। সব রাজ্যগুলিকেই প্রস্তুত থাকতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।












Click it and Unblock the Notifications