বিজেপি-তৃণমূল রাজ্যে দ্বিমেরু রাজনীতি ফেরাতে চাইছে, বুধবারের বনধ নিয়ে অবস্থান জানালেন মহঃ সেলিম
আর জি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজ্যের সব অংশের মানুষ যখন প্রতিবাদে নেমেছেন। সেই সময় বিজেপি তাকে দিকভ্রান্ত করতে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনীতি করতে নেমেছে। এদিন এমনটাই অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম।
তিনি বলেন, এরাজ্যের রাজনীতিতে বিজেপি এবং তৃণমূল তাদের হারিয়ে যাওয়া দ্বিমেরু রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে। প্রশাসনকেও তাতে নামানো হয়েছে। সেজন্যই এদিন নবান্নে বিজেপির কর্মসূচিতে যত না আন্দোলনকারী ছিলেন তার থেকে বেশি পুলিশি বন্দোবস্ত, যুদ্ধ যুদ্ধ আবহাওয়া সাজিয়ে সরকারি তরফেও প্রচারকে তুঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মহঃ সেলিম বলেছেন, পরিকল্পিত চোর-পুলিশ খেলা। সাজানো চিত্রনাট্য। আর জি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনা এবং তা ধামাচাপা দেওয়ার চেষ্টার বিরুদ্ধে, অপরাধীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে মানুষ সোচ্চারে রাস্তায় নেমেছেন। 'তোমার স্বর, আমার স্বর,/আর জি কর, আর জি কর' এই স্লোগানে রাজ্যের সর্বত্র সব অংশের নানা পেশার মানুষ পথে নেমেছেন।
বামেরা চায় অবিলম্বে ন্যায়বিচার হোক। ন্যায় বিচারের আন্দোলনে বামেরাও সামিল, বামপন্থী দল, বামপন্থী মানুষজন, ছাত্র-যুব- মহিলা সবাই রাস্তায় রয়েছেন। এই প্রতিবাদ আন্দোলন যত তীব্র হচ্ছে, অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে প্রতিবাদীদেরই হেনস্থা করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কেস সাজানো হচ্ছে। এভাবে প্রতিবাদকে থামানো যাবে না, বলেছেন তিনি।
রাজনৈতিক উদ্দেশ্যে ভুঁইফোড় ছাত্র সমাজের নাম করে নবান্নে যাওয়া কিংবা বনধ্ ডেকে মানুষকে দিকভ্রান্তও করা যাবে না। মানুষের প্রতিবাদের কর্মসূচি চলবে, বলেছেন মহঃ সেলিম। কিন্তু বিজেপি যখন বনধ্ ডেকেছে তখন সাবধান হতেই হবে, কারণ এই অছিলায় তারা মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ ভাঙতে ধর্মীয় বিভাজনের চেষ্টাও করতে পারে। তার জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে, বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক।












Click it and Unblock the Notifications