বিজেপির রথযাত্রায় আইনি গেরো, মোদীর ব্রিগেড সমাবেশ চূড়ান্ত! অপেক্ষা অনুমোদনের
রথযাত্রা মামলার রায় যাই হোক, নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ হচ্ছেই। ইতিমধ্যে সেনাবাহিনীর কাছে মোদীর ব্রিগেড সমাবেশের ব্যাপারে অনুমোদন চাওয়া হয়েছে।
রথযাত্রা মামলার রায় যাই হোক, নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ হচ্ছেই। ইতিমধ্যে সেনাবাহিনীর কাছে মোদীর ব্রিগেড সমাবেশের ব্যাপারে অনুমোদন চাওয়া হয়েছে। এই অনুমোদনের জন্য বিজেপির তরফে দুটি দিনের প্রস্তাব দেওয়া হয়েছে। হয় ২৯ জানুয়ারি নতুবা ৭ ফেব্রুয়ারি মোদীর সমাবেশের জন্য অনুমোদন চাওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, ২৯ জানুয়ারি ব্রিগেডের জন্য সময় দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু বঙ্গ বিজেপি সেইসঙ্গে আরও একটি দিন নিয়ে রাখল। যেহেতু রথযাত্রা মামলা আটকে রয়েছে আইনি গেরোয়, তাই বাড়তি ৭ ফেব্রুয়ারি বিকল্প দিন ধরে রেখেছেন দিলীপ ঘোষরা।
হাইকোর্ট মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েছে। সেই মামলার শুনানি জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা। বিজেপি জরুরি শুনানির আবেদন করেছিল। কিন্তু শীর্ষ আদালত, সেই পরিকল্পনা খারিজ করে দিয়েছে। বিজেপির এই ব্রিগেড সমাবেশ নিয়ে অনেক পরিকল্পনা ছিল, তা কার্যত মাটি হয়ে গিয়েছে।
এখন রথযাত্রা ও মোদীর ব্রিগেড সমাবেশকে বঙ্গ বিজেপি কীভাবে একত্রিত করে, সেটাই দেখার। রাজনৈতিক মহলের মনে করছে, বিজেপির সমস্ত পরিকল্পনা একপ্রকার জলেই গিয়েছে। এখন রথযাত্রার অনুমতি পেলেও তা নমো নমো করে সারতে হবে। ২৯ জানুয়ারি মোদীর ব্রিগেড সমাবেশ হলে কদিন সময় পায় বিজেপি, তাই নিয়েই এখন জল্পনা চলছে। অবশ্য এই দেরির কথা ভেবেই ৭ ফেব্রুয়ারি বিকল্প দিন নিয়ে রাখছে বিজেপি।












Click it and Unblock the Notifications