সরকারি কর্মীদের জন্য সুখবর! বোনাস ও অগ্রিম ভাতায় বৃদ্ধি, বদল বেতনের সীমাতেও, কোন কোন ক্ষেত্রে? জেনে নিন এখনই
SIR আবহের মধ্যেই রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে সরকার অধিগৃহীত সংস্থার কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অ্যাড হক বোনাস এবং উৎসবের অগ্রিম টাকা বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুসারে, এই বছর টাকার অঙ্ক বাড়ানোর পাশাপাশি বেতনের ঊর্ধ্বসীমাও বৃদ্ধি করা হয়েছে।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকা অথবা তার কম, তাঁরা ৭,৪০০ টাকা অ্যাড হক বোনাস পাবেন। গত বছর এই টাকার অঙ্ক ছিল ৬,৮০০ টাকা। বোনাসের বেতনের সীমা ৪৪ হাজার থেকে বাড়িয়ে ৪৬ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে।
উৎসবের অগ্রিম ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। এই সুবিধার জন্য বেতনের ঊর্ধ্বসীমা ৫২ হাজার টাকা থেকে থেকে ৫৪ হাজার টাকা হয়েছে।
যাঁরা ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে অবসর নেবেন এবং যাঁদের পেনশন ৪০ হাজার টাকা অথবা তারও কম, তাঁরা ৩,৮০০ টাকা করে উৎসবভাতা পাবেন। যা গত বছরের তুলনায় ৩০০ টাকা বেশি। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধাটি পাবেন। সরকার অধীনস্থ সংস্থায় যাঁদের বেতন ১,০০০ টাকা অথবা তার কম, তাঁদের জন্য বোনাস নির্ধারিত হয়েছে ৩,৫০০ টাকা পর্যন্ত।
প্রসঙ্গত, ডিএ নিয়ে মামলায় রাজ্যকে ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আবহেই উৎসবের আগেই এরকম একটি ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications