কলকাতায় ফের শুটআউট! চলল গুলি, রক্তাক্ত অবস্থায় ১৮ বছরের যুবক, কী জানাচ্ছে পুলিশ?
কলকাতায় ফের শুটআউট। ঘটনাটি ঘটেছে কসবার বোসপুকুর প্রান্তিক পল্লীতে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা নাগাদ কসবার প্রান্তিক পল্লিতে এক যুবককে লক্ষ্য করে গুলি করা হয়। ছেলেটির নাম অভিজিৎ নাইয়া। বয়স ১৮ বছর। আহত যুবককে ভর্তি করা হয়েছে রুবি জেনারেল হাসপাতালে। পুনরায় এরকম ঘটনায় প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, কসবা বোসপুকুর প্রান্তিক পল্লী এলাকায় গতকাল ঠিক রাত ১১ টা নাগাদ হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। আহত হন এক ১৮ বছর বয়সী এক যুবক। গুলিটি তাঁর বাঁ হাতের তালুতে লাগে। তাড়াতাড়ি করে ওই যুবককে আহত অবস্থায় রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটার পর পুলিশ পুরো ঘটনাস্থলটিকে পরিদর্শন করেছে এবং সেখান থেকে বেশ কিছু কার্তুজের খোলও উদ্ধার করেছে। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
জানা গিয়েছে যে, গতকাল রাতেই কয়েকজন যুবক খাওয়া দাওয়া করছিল। তাদের মধ্যে সেখানে অভিজিৎও ছিলেন। কিন্তু তাদের মধ্যে কে গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। স্থানীয়দের অনেকেই দাবি করেছেন, গুলি চলার আগে অভিজিৎ-এর সঙ্গে আর এক বন্ধুর ঝামেলা লাগে ও দু'জনের মধ্যে জোর কথাকাটাকাটি হয়েছিল। ঘটনাস্থল থেকে পুলিশ, অনেক খাবারের প্যাকেট এবং মদের বোতলও উদ্ধার করেছে। সেখানে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।












Click it and Unblock the Notifications