'সিন্ধ প্রদেশ ফের ফিরতে পারে ভারতে', সীমান্ত বদলে যাওয়ার কথা শোনালেন রাজনাথ সিং
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিন্ধ প্রদেশ হয়তো বর্তমানে ভারতের অংশ নয়, তবে সভ্যতার দিক থেকে এটি সবসময় ভারতেরই অংশ থাকবে এবং ভবিষ্যতে হয়তো এটি আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে।
১৯৪৭ সালের দেশভাগের পর সিন্ধ প্রদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। সিন্ধু নদ সংলগ্ন এই প্রদেশটি ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার পর অনেক সিন্ধি সম্প্রদায়ের মানুষ ভারতে চলে আসেন। বর্তমানে গুজরাত ও রাজস্থানের সঙ্গে এর আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।

নয়াদিল্লিতে সিন্ধি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে রাজনাথ সিং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর একটি উক্তি উল্লেখ করে বলেন, আডবাণীর প্রজন্মের সিন্ধ হিন্দুদের কাছে সিন্ধের ভারত থেকে বিচ্ছিন্ন হওয়াটা মেনে নেওয়া কঠিন ছিল, কারণ হিন্দুরা সিন্ধু নদকে পবিত্র মনে করে।
রাজনাথ সিং আরও বলেন, "সিন্ধের অনেক মুসলিমও বিশ্বাস করতেন যে সিন্ধু নদের জল মক্কার আবে-জমজমের চেয়ে কোনও অংশে কম পবিত্র নয়। এটা আডবাণীর উক্তি। আজ হয়তো সিন্ধের ভূমি ভারতের অংশ নয়, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধ সবসময় ভারতেরই অংশ থাকবে।"
তিনি যোগ করেন, "ভূমির ক্ষেত্রে সীমান্ত পরিবর্তন হতে পারে। কে জানে, কাল হয়তো সিন্ধ আবার ভারতে ফিরে আসবে। আমাদের সিন্ধের মানুষেরা, যারা সিন্ধু নদকে পবিত্র মনে করে, তারা সবসময় আমাদেরই থাকবে। তারা যেখানেই থাকুক না কেন, তারা সব সময় আমাদেরই।"
মন্ত্রী জানান, বিভীষিকাময় দেশভাগের পর সিন্ধি সম্প্রদায়কে নতুন করে সব শুরু করতে হয়েছিল। কিন্তু তাদের কঠোর পরিশ্রম ও সাহসের জোরে তারা সাফল্যের নতুন মাত্রা স্থাপন করতে সক্ষম হয়েছেন। তারা ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এর আগে ২২ সেপ্টেম্বর রাজনাথ সিং মরক্কোয় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বলেছিলেন যে, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (PoK) ভারতের সঙ্গে পুনরায় একত্রিত হওয়ার জন্য স্লোগান উঠছে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, পাকিস্তান কর্তৃক অবৈধভাবে দখল করা এই অঞ্চল কোনও আগ্রাসী পদক্ষেপ ছাড়াই ভারতের সঙ্গে মিশে যাবে।
রাজনাথ সিং মরক্কোয় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপের সময় বলেন, "অধিকৃত কাশ্মীর নিজে থেকেই আমাদের হবে। অধিকৃত কাশ্মীরে দাবি উঠতে শুরু করেছে, আপনারা স্লোগান শুনতে পেয়েছেন নিশ্চয়।" তিনি আরও বলেন, "পাঁচ বছর আগে কাশ্মীরের একটি অনুষ্ঠানে আমি ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশে বলেছিলাম যে, অধিকৃত কাশ্মীর দখল করার জন্য আমাদের আক্রমণ করতে হবে না, এটি এমনিতেই আমাদের; অধিকৃত কাশ্মীর নিজেই বলবে, 'আমিও ভারত'। সেই দিনটি আসবে।"












Click it and Unblock the Notifications