Rahul Gandhi: রাহুল গান্ধী ইউরোপীয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন, আলোচনায় মণিপুর ইস্যুও
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তঁদের আলোচনায় তাৎপর্যপূর্ণভাবে উঠে এল মণিপুরের মানবাধিকার প্রসঙ্গও। এদিনের আলোচনার প্রস্তাবের মধ্যে মণিপুরের পরিস্থিতিও শিরোনামে উঠে আসে। জুলাই মাসেই তা গৃহীত হয়েছিল ইউরোপীয় পার্লামেন্টে।
ভারতেরর এক রাজ্যের পরিস্থিতি ইউরোপীয় সংসদে আলোচনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। বিরোধী দলগুলি এই প্রসঙ্গে ইউরোপীয় সংসদে উত্থাপন করতে সফল হয়েছে। ভারত সরকারের তরফে এর আগে বলা হয়েছিল, বিচার বিভাগ-সহ সকল স্তরের কর্তৃপক্ষ মণিপুরের পরিস্থিতি সম্পর্কে ভালভাবে অবগত। শান্তি ও সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্তরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জুলাই মাসে বলেছিলেন, যখন ইউরোপীয় পার্লামেন্টে ভারতের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল, তখন বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল, "ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য এবং এটি একটি ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন ঘটায়।"
রাহুল গান্ধী ইউরোপীয় পার্লামেন্টে সংসদ সদস্যদের সঙ্গে একটি গোল টেবিল বৈঠকে অংশ নেন। কংগ্রেসের তরফে এক টুইট বার্তা বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে বৃহস্পতিবার রাহুল গান্ধী ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে মানবাধিকার বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে নাগরিক সমাজ সংস্থাগুলির দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।
বেলজিয়ামের ভারতীয় প্রবাসীদের সঙ্গে ডিনারের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়েছিল রাহুল গান্ধীর। শুক্রবার ব্রাসেলসে ব্যবসায়ী নেতাদের সহ্গে বৈঠক করেন তিনি। এবং একটি সাক্ষাৎকারে প্রাক্তন কংগ্রেস প্রধান প্যারিসের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান। শুক্রবার ফরাসি রাজধানীতে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
শনিবার তিনি ফরাসি সংসদ সদস্যদের সঙ্গে একটি বৈঠক করবেন এবং রবিবার নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সায়েন্সেস পো ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে তিনি আলাপ করবেন। সেখানে তিনি ৪০০ বছরের পুরনো লিডেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
১১ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী নরওয়ে যাবেন, সেখানে তিনি রাজধানী অসলোতে সংসদ সদস্যদের সাথে দেখা করবেন। এছাড়াও তিনি অনাবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন এবং অসলো বিশ্ববিদ্যালয়ে একটি সভায় যোগ দেবেন তিিন।
ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস রাহুল গান্ধীর জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে বলে দলে একজন সিনিয়র নেতা জানিয়েছেন। জি২০ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার একদিন পর ১২ সেপ্টেম্বর রাতে তাঁর ফেরার কথা রয়েছে। ৯ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি২০ নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications