Pakistan On Pahalgam: রাশিয়া ও চিনকে পাশে পেতে মরিয়া পাকিস্তান, পশ্চিমী দেশগুলির পায়ে পড়ার পরিস্থিতি মন্ত্রীর
Pakistan On Pahalgam: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় বিশ্ব মানচিত্রে কোণঠাসা জঙ্গিদের মদতকারী পাকিস্তান। এবার আজব দাবি তুলল ইসলামাবাদ।
ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করেছে তাতে ইতিমধ্যেই ভীত, সন্ত্রস্ত পাকিস্তান। তারই মধ্যে পহেলগাঁওয়ের ঘটনার তদন্তে রাশিয়া ও চিনের হস্তক্ষেপ দাবি করা হলো ইসলামাবাদের তরফে।

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর জল ও বাণিজ্য সংক্রান্ত চুক্তি বাতিল করেছে ভারত। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কীসের ভিত্তিতে ভারত পহেলগাঁওয়ের ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে সেই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। ওই জঙ্গি হামলার ঘটনায় রাশিয়া, চিনের পাশাপাশি পাশ্চাত্যের কিছু দেশকে নিয়ে আন্তর্জাতিক তদন্তকারী দল গঠনের দাবি তুলল পাকিস্তান।
রাশিয়ান সরকার-চালিত আরআইএ নভোস্তি নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, এই সংকটের সময় রাশিয়া, চিন বা পশ্চিমী দেশগুলি খুব ইতিবাচক ভূমিকা নিতে পারে। আন্তর্জাতিক তদন্তকারী দল গঠন হলেই স্পষ্ট হয়ে যাবে ভারত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যি বলছেন, নাকি মিথ্যা বলছেন। আন্তর্জাতিক তদন্তকারী দলই তা দেখুক।
আসিফ আরও জানান, ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পহেলগাঁওয়ের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের পক্ষে সওয়াল করেছেন। পহেলগাঁওয়ের ঘটনায় পাকিস্তান যুক্ত কিংবা পাকিস্তানের জঙ্গিদের মদত পাকিস্তান দেয়, তা প্রমাণ করার ক্ষেত্রে ভারতের উপযুক্ত নথি পেশের দাবিও জানান আসিফ।
আসিফের কথায়, কাশ্মীরের ওই ঘটনায় কে বা কারা দোষী, ষড়যন্ত্রকারী তা খুঁজে বের করা হোক। নানা কথাবার্তা, অন্তঃসারশূন্য বিবৃতিতে কোনও কিছুই হয় না। পাকিস্তান এই ঘটনায় যুক্ত বা পাকিস্তানের সমর্থন পাওয়া লোকজন এই ঘটনা ঘটিয়েছে তার প্রমাণ পেশ করা হোক। এর বাইরে যা হচ্ছে তা শুধু একের পর এক বিবৃতি, যাতে কোনও কাজ হওয়ার নয়।












Click it and Unblock the Notifications