Iran-Israel: ইরান-ইজরায়েল যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, অস্বীকার খামেনেইদের, তাহলে কোনপথে শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইজরায়েল এবং ইরান একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। তাঁর মতে এর ফলে ১২ দিনের যুদ্ধের অবসান হয়েছে। তবে ট্রাম্পের এই ঘোষণার পরেই ইরান জানিয়েছে যে যুদ্ধবিরতি নিয়ে কোনও চুক্তি হয়নি।
ইরান এই খবর অস্বীকার করার কিছু পরেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি দুই পশ্চিম এশীয় শক্তির মধ্যে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীকে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।

আব্বাস আরাঘচি বলেন, আমাদের শক্তিশালী সেনাবাহিনী ইজরায়েলের আগ্রাসনের শাস্তিস্বরূপ সামরিক অভিযান চালিয়েছে। আমি ইরানের সাহসী সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। যারা শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের দেশকে রক্ষা করতে প্রস্তুত এবং শত্রুদের যে কোনও আক্রমণের জবাব দিয়েছে। একইসঙ্গে তিনি জানান, যদি ইজরায়েল অবৈধ আগ্রাসন বন্ধ করে, তবে তেহরান আর কোনও সংঘাতে জড়াতে ইচ্ছুক নয়।
তার আগে ডোনাল্ড ট্রাম্প 'ট্রুথ সোশাল'-এ একটি পোস্টে বলেছেন, সকলকে অভিনন্দন! ইজরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
ট্রাম্পের মতে, দুই দেশ তাঁদের 'ফাইনাল মিশন' শেষ করার পর প্রায় ছয় ঘণ্টার মধ্যে এই যুদ্ধবিরতি শুরু হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং তার ১২ ঘণ্টা পর ইজরায়েল সেই পথে হাঁটবে। ২৪ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ শেষ হবে বলে মনে করা হবে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি বিশ্বজুড়ে পালিত হবে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতির সময় উভয়পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল থাকবে। তিনি উভয় দেশকে অভিনন্দন জানিয়ে বলেন, যদি সবকিছু ঠিকঠাক চলে, যা চলবে বলেই আমার বিশ্বাস, তাহলে আমি ইজরায়েল এবং ইরান উভয় দেশকে অভিনন্দন জানাতে চাই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত শেষ করার জন্য ইজরায়েল এবং ইরানের প্রশংসা করেছেন। তিনি বলেন, এটা এমন একটা যুদ্ধ ছিল, যা বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি, এবং কখনও হবেও না!
তবে ট্রাম্পের ঘোষণার পরও ইরানের অস্বীকার মধ্যপ্রাচ্যের জন্য কোন সময় বয়ে আনল তা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications