India on Pannun: পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ! ভারত জবাব দিল আমেরিকাকে
India on Pannun: বাইডেন সরকারের অভিযোগ ছিল খালিস্তানপন্থী নেতাকে হত্যার ছক কষেছেন ভারতীয় আধিকারিকরা। এদিন সেই অভিযোগের জবাব দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এদিন বলেছেন, এব্যাপারে আমেরিকার অভিযোগ উদ্বেগজনক এবং সরকারি নীতির পরিপন্থী।
মার্কিন বিচার বিভাগের তরফে বলা হয়েছে, একজন ৫২ বছর বয়স্ক ভারতীয় নাগরিক, যিনি ভারত সরকারের একজন কর্মী, তিনি নিউইয়র্ক শহরের বাসিন্দাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। মার্কিন বিচার বিভাগ খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত পান্নুনের নাম না নিলেও, বিষয়টি তার দিকেই ইঙ্গিত করেছে। কারণ, গুরপতবন্ত পান্নুন আমেরিকার নিউইয়র্কের বাসিন্দা।

প্রসঙ্গত ভারত সরকার গুরপতবন্ত পান্নুনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। ভারতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার তিনটি মামলা এবং ২২ টি ফৌজদারি মামলা রয়েছে। পান্নুন শিখ ফর জাস্টিস নামে একটি সংগঠন চালান। এই সংগঠনটিকে স্বরাষ্ট্রমন্ত্রক নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। খালিস্থানি সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত পান্নুন বিদেশের মাটিতে বহুবার ভারত বিরোধী বিক্ষোভে সামিল হয়েছে।
আমেরিকার বিচার বিভাগের তরফে বলা হয়েছে, ওই ভারতীয় নাগরিক (নিখিল গুপ্ত) নিরাপত্তা ব্যবস্থাপনা এবং গোয়েন্দা তথ্য দেখাশোনার দায়িত্বে ছিলেন। নিখিল গুপ্তর বিরুদ্ধে পান্নুনকে হত্যার জন্য একলক্ষ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ রয়েছে। তার মধ্যে ১৫ হাজার ডলার অ্যাডভান্স দেওয়া হয় এই বছরের নয় জুন। কিন্তু যে ব্যক্তিকে এই কাজের জন্য নিয়োগ করা হয়েছিল, তিনি ছিলেন আমেরিকার গোয়েন্দা সংস্থার এজেন্ট।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আলোচনার সময়, তারা ভারতের সঙ্গে কিছু তথ্য শেয়ার করেছে। তাতে সংগঠিত অপরাধী, বন্দুকধারী, সন্ত্রাসবাদী এবং অন্য চমরপন্থীদের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে।
তবে আমেরিকার অভিযোগ সম্পর্কে তিনি আরও বলেছেন, বিষয়টি সব প্রাসঙ্গিক দিক খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, একজন ব্যক্তির বিরুদ্ধে নথিভুক্ত করা মামলাটি যতটা উদ্বেগের, আমেরিকার আদালত এটাকে ভারতীয় আধিকারিকের সঙ্গে যুক্ত করেথে, সেটাও উদ্বেগের। বিষয়টি সরকারি নীতির পরিপন্থী।
হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ভারত জানিয়েছে এই ধরনের পদক্ষেপ তাদের নীতি নয়। তিনি আরও বলেছেন, আমেরিকা বুঝতে পারছে ভারত সরকার বিষয়টি নিয়ে তদন্ত করছে।












Click it and Unblock the Notifications