Mike Waltz: অনাবাসী ভারতীয়দের গোষ্ঠীর নেতাকে 'গুরুদায়িত্ব' দিলেন ট্রাম্প, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা মাইক
Mike Waltz: আমেরিকার কংগ্রেসে অনাবাসী ভারতীয়দের গোষ্ঠীর নেতাকে বড় দায়িত্ব দিলেন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) বলেন মাইক ওয়াল্টজ়। আমেরিকান ন্যাশনাল গার্ডের অবসরপ্রাপ্ত কর্মী মাইক। জাতীয় নিরাপত্তা নিয়ে অভিজ্ঞ এই ব্যক্তিকেই তাই বেছে নিলেন ট্রাম্প।
পূর্ব-মধ্য ফ্লোরিডা থেকে তিন তিনবার রিপাবলিকান পার্টির হয়ে জিতেছেন মাইক। পাশাপাশি মাইক একজন কট্টর ট্রাম্প সমর্থকও বটে। কর্মসূত্রে একাধিকবার আফগানিস্তান সফরে গিয়েছেন মাইক। এমনকি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনেও (Pentagon) উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। পেন্টাগনে ২ বারের জন্য নীতি উপদেষ্টা পদে ছিলেন তিনি।

চিনের (China) বড় সমালোচক হিসেবে পরিচিত মাইক। ২০২২ সালে বেজিংয়ে শীতকালীন অলিম্পিক বয়কটের ডাক দিয়েছিলেন মাইক। কোভিড-১৯ অতিমারীর প্রাদুর্ভাব নিয়ে চিনকে দুষে অলিম্পিক বয়কটের ডাক দেন তিনি। শুধু তাই নয়, চিনের শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের অত্যাচারের বিরুদ্ধেও সরব হন মাইক।
ট্রাম্পের জয়ের পর বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে আমেরিকার প্রতিরক্ষায়। একদিকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ ও অন্যদিকে রাশিয়া-উত্তর কোরিয়া জোটের কথা মাথায় রেখে এগোতে হবে আমেরিকাকে। যুদ্ধ বন্ধ করার চ্যালেঞ্জ নিয়েছেন ভাবী প্রেসিডেন্ট ট্রাম্পও। এমতাবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন মাইক। বলা বাহুল্য, এতগুলি ঘটনাপ্রবাহের মাঝে তাঁর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মার্কিন কংগ্রেসে অনাবাসী ভারতীয়দের গোষ্ঠী বা ভারতীয় ককাসের (Indian Caucus) কো চেয়ারপার্সন মাইক ওয়াল্টজ়। তিনি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে আরও সুদৃঢ় হবে তা সন্দেহাতীত।
'ইন্ডিয়ান ককাস'বা ভারতীয়দের এই গোষ্ঠী ভারতীয় আমেরিকানদের পক্ষে একটি জোরাল কণ্ঠস্বর। এর আগেও ভারত ও আমেরিকার মধ্যে মজবুত সামরিক সহাবস্থানের পক্ষে সায় দিয়েছেন মাইক। তাঁকেই ট্রাম্প উপদেষ্টা বেছে নেওয়ায় লাভ হবে ভারতেরও, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications