ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে শুরু হবে বোমাবর্ষণ, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, খোলাখুলিভাবে জানিয়েছেন যে, যদি মঙ্গলবার সন্ধ্যায় দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায়, "তাহলে প্রচুর বোমা ফাটতে শুরু করবে।" এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি এই মন্তব্য করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আলোচনার জন্য ইরান ইসলামাবাদে আসবে কিনা, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট কিছুটা অনিশ্চিত ছিলেন। তিনি বলেন, "আমি জানি না। তাদের সেখানে থাকার কথা। আমরা সেখানে থাকতে রাজি হয়েছিলাম, যদিও তারা মানছে না। কিন্তু না, সবকিছু সেট করা হয়েছিল। শেষ পর্যন্ত তারা থাকে কিনা, দেখব। যদি তারা না থাকে, তাতেও সমস্যা নেই।"

২২ এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে, এই সাময়িক যুদ্ধবিরতি সরাসরি শত্রুতা থামিয়ে রেখেছে। তবে, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং হরমুজ প্রণালীতে চলমান অস্থিরতা নিয়ে দু’পক্ষের অচলাবস্থা এখনও বিদ্যমান। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, মূল দাবি অপরিবর্তিত রয়েছে: "পারমাণবিক অস্ত্র নয়। খুব সহজ। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। খুব সহজ।" এই 'রেড লাইন’ ওয়াশিংটনের অবস্থানকে পুরো সংকট জুড়ে সংজ্ঞায়িত করেছে।

ট্রাম্প তাঁর আলোচনার দলকে "এ-টিম" হিসাবে বর্ণনা করেছেন এবং তার জামাই জ্যারেড কুশনারের প্রতি আস্থা প্রকাশ করেছেন। কুশনারের মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক ব্যবসায়িক সম্পর্ক থেকে সম্ভাব্য স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠলেও, ট্রাম্প তাঁকে রক্ষা করে বলেন, "ব্যবসা থাকুক বা না থাকুক, সবাই জানে এটাই সঠিক কাজ। সে একজন খুব ভালো আলোচক।" তিনি আরও যোগ করেন যে, জ্যারেড কুশনার ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জনে বাধা দেওয়ার দিকেই সম্পূর্ণরূপে মনোনিবেশ করেছেন।

কূটনৈতিক অস্থিরতার মধ্যে, ট্রাম্প আগে বলেছিলেন যে উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স পাকিস্তানে যাবেন না, কিন্তু পরে নিশ্চিত করেন যে তিনি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ট্রাম্প জানান, জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারসহ একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল আলোচনার পরবর্তী দফার জন্য ইতিমধ্যে ইসলামাবাদের পথে রয়েছে।

তবে রয়টার্স সংবাদ সংস্থ সূত্রে জানা গেছে, ট্রাম্পের দাবি সত্ত্বেও জিডি ভ্যান্স সোমবার পর্যন্ত পাকিস্তান রওনা দেননি। প্রশাসনের পক্ষ থেকে আসা এই দ্বিমুখী বার্তাগুলো সম্পর্কে জনমনে মিশ্র ধারণার জন্ম দিয়েছে। এটি কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো পরবর্তী দফার আলোচনা নিয়ে খুব বেশি উৎসাহ দেখায়নি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে যে, "বর্তমানে ইরান-মার্কিন আলোচনার পরবর্তী দফায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।" অন্যদিকে, আইআরএনএ "ওয়াশিংটনের অত্যধিক দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানে ক্রমাগত পরিবর্তন, বারবার পরস্পর বিরোধিতা এবং চলমান নৌ অবরোধ" কে আলোচনার প্রতি তাদের দ্বিধার কারণ হিসেবে উল্লেখ করেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও চলমান পারমাণবিক আলোচনায় ওয়াশিংটনের পদ্ধতির বিরোধিতা করে 'এক্স’ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। তিনি উল্লেখ করেন যে, প্রতিশ্রুতি রক্ষা করাই যে কোনো অর্থপূর্ণ আলোচনার ভিত্তি। পেজেশকিয়ান লিখেছেন, "প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থপূর্ণ আলোচনার ভিত্তি।"

তিনি আরও যোগ করেন, "মার্কিন সরকারের আচরণে ইরানের প্রতি গভীর ঐতিহাসিক অবিশ্বাস বিদ্যমান, যেখানে আমেরিকান কর্মকর্তাদের গঠনমূলক নয় এমন এবং পরস্পরবিরোধী সংকেত একটি তিক্ত বার্তা বহন করে; তারা ইরানের আত্মসমর্পণ চায়। ইরানিরা জোরের কাছে বশ্যতা স্বীকার করে না।" এই মন্তব্য ওয়াশিংটনের প্রতি তেহরানের অনাস্থা স্পষ্ট করে।

এতসব বাধা সত্ত্বেও, ট্রাম্প প্রক্রিয়া ভেঙে পড়ার কোনো ধারণাকেই উড়িয়ে দিয়েছেন। তিনি দ্য নিউ ইয়র্ক পোস্টকে বলেন, "আমাদের আলোচনার কথা রয়েছে। তাই আমি ধরে নেব যে, এই মুহূর্তে কেউ খেলা করছে না।" মার্কিন প্রেসিডেন্ট সরাসরি উচ্চপর্যায়ের আলোচনার সম্ভাবনাও খোলা রেখেছেন। তিনি বলেন, "তাদের সাথে দেখা করতে আমার কোনো সমস্যা নেই। যদি তারা দেখা করতে চায়, এবং আমাদের কিছু খুব সক্ষম মানুষ আছে – কিন্তু তাদের সাথে দেখা করতে আমার কোনো সমস্যা নেই।"

এই নতুন কূটনৈতিক প্রচেষ্টা গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম সরাসরি আলোচনার ব্যর্থতার পর আসছে। ২১ ঘণ্টারও বেশি সময় ধরে টানা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার এই ফলাফলকে হতাশাজনক বলে আখ্যায়িত করেন।

ভ্যান্স তখন বলেছিলেন, "দুঃখের খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, এবং আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর।" অন্যদিকে, ইরান এই অচলাবস্থার জন্য ওয়াশিংটনের "অত্যধিক দাবি" এবং চলমান নৌ উপস্থিতি, বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবিকে দায়ী করেছে।

সাময়িক যুদ্ধবিরতি উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের জন্য একটি সংক্ষিপ্ত স্বস্তি এনেছে, কিন্তু নতুন করে সংঘাতের ঝুঁকি প্রবলভাবে বিরাজ করছে। বিশেষ করে যেহেতু ইরান আলোচনায় অংশ নেওয়ার তেমন কোনো লক্ষণ দেখাচ্ছে না। পাকিস্তানি মধ্যস্থতাকারীরা নিরন্তরভাবে শান্ত তবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, যদিও সাফল্যের সম্ভাবনা এখনও সুদূর পরাহত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+