নাগরিকদের ‘নৈতিক মানোন্নয়নের’ জন্য বিশেষ নির্দেশিকা চিনের কমিউনিস্ট সরকারের
দেশের নাগরিকদের 'নৈতিক মানের’ উন্নতির জন্য এবার নতুন নির্দেশিকা জারি করল চিনের কমিউনিস্ট সরকার। বিয়ের বাজেট থেকে শুরু করে দৈনন্দিন পোশাক পরিধানের বিধান, কি নেই সেখানে। রবিবার দেশের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পার্টির কেন্দ্রীয় কমিটির চতুর্থ প্লেনামে এই বিধিগুলি প্রকাশ করা হয়। এদিন বেইজিংয়ের কেন্দ্রীয় কমিটির উচ্চপদস্থ আধিকারিকরা 'নতুন যুগের নাগরিকদের নৈতিক নির্মাণ’ প্রসঙ্গে ৫৮টি নীতি মালা সম্বলিত এই রূপরেখাটি প্রকাশ করেন।

পাশাপাশি দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ওই রূপরেখাগুলির বাস্তবায়নের পক্ষে উপায়ও বাতলানো হয় ওই নির্দেশিকায়। একজন নাগরিক কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করবেন, কীভাবে তার সন্তানদের বড় করে তুলবেন, সরকারি ছুটি উদযাপন এমনকী বিদেশ ভ্রমণ করার সময় কেমন আচরণ করবেন সেই বিষয়েও নির্দিষ্ট ভাবে সরকারি মতামত পেশ করা হয় ওই নির্দেশিকায়।
এই প্রসঙ্গে দেশের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জাং জিয়ং সংবাদমাধ্যমে বলেন,’আমাদের অবশ্যই তরুণদের সচেতনতা বৃদ্ধির জন্য বৈবাহিক শিক্ষার উপর বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নতি ও সচেতনতার প্রসারের জন্য যুব কমিউনিস্ট লিগ, মহিলা ফেডারেশন এবং অন্যান্য বামপন্থী সংগঠনগুলিকে সম্পূর্ণ রূপে কাজে লাগাতে হবে।’
একই সাথে চিন সরকারের তরফে দেশের সাংস্কৃতিক ও নৈতিক অগ্রগতির জন্য বেশ কিছু দিক নির্দেশনাও দেখা যায় ওই সরকারি রূপরেখায়। পাশাপাশি "চিনা চেতনা, চিনা মূল্যবোধ এবং চিনা শক্তি" পুনরুজ্জীবিত করার জন্য সকল দেশবাসীর কাছে আহ্বানও জানানো হয়।
পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সঠিক শিষ্টাচার অনুসরণের কথাও বলা হয় শি-জিন-পিং সরকারের ওই নতুন নির্দেশিকায়। একইসঙ্গে নাগরিকদের সঠিক মূল্যবোধ তৈরির জন্য ইন্টারনেটে অশ্লীল ভিডিও ও পর্নোগ্রাফি এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয় এই নতুন নির্দেশিকায়।
অন্যদিকে একটি জাতির সামগ্রিক মানোন্নয়নের জন্য দেশের গ্রন্থাগার এবং যুব কেন্দ্রগুলির মতো সরকারী প্রতিষ্ঠানগুলির অবশ্যই একটি সঠিক 'নৈতিক শিক্ষানীতি ’অনুসরণ করা উচিত বলেও উল্লেখ করা হয় ওই নির্দেশিকায়। একইসঙ্গে দেশপ্রেম এবং সরকারের প্রতি আনুগত্যের উপরও বিশেষ জোর দেওয়া হয়।
যদিও দেশের সংবাদ পত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ থেকে শুরু এক শিশু নীতির জন্য বিশ্বের দরবারে একাধিকবার সমালোচনার মুখে পড়েছে চিনের কমিউনিস্ট সরকার। এখন দেশের নাগরিকদের নৈতিক মানোন্নয়নের ক্ষেত্রে এই নতুন সরকারি নীতিমালা কতটা কাজে দেয় তা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications